২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'পদ রক্ষায় সংসদে আসার ফাঁক খুঁজছে বিএনপি'

সদস্য পদ রক্ষায় সংসদে আসার জন্য বিএনপি 'ফাঁক-ফোকর' খুঁজছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2011, 01:09 PM

Updated : 24 Aug 2022, 02:29 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদস্য পদ রক্ষায় সংসদে আসার জন্য বিএনপি 'ফাঁক-ফোকর' খুঁজছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ। বৃহস্পতিবার সংসদে পয়েন্ট অব অর্ডারে এ কথা বলেন তিনি। সংসদের চিফ হুইপ আব্দুস শহীদ সংসদে না আসায় বিরোধীদলীয় নেতা ও সাংসদদের সমালোচনা করে বলেন, "তারা সংসদ সদস্য হিসেবে সব সুযোগ সুবিধা নেবেন, কমিটির বৈঠকে (মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি) আসবেন, শুল্কমুক্ত গাড়ি আমদানি করেছেন, বেতন-ভাতা নিচ্ছেন; কিন্তু উনারা সংসদের আসবেন না।" বিরোধী দল সংসদে না এসে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আন্দোলন করছে বলে অভিযোগ করেন শহীদ। তিনি বলেন, "বিরোধী দল সংসদে আসেন না, বাইরে আন্দোলন করে, হরতাল ডাকে আর পুলিশ হত্যা করে। জোর করে স্পিকারের কার্যালয়ের সামনে দখল নেন। বিরোধী দলের চিফ হইপের নেতৃত্বে সার্জেন্ট এ্যাট আর্মসকে দুর্ব্যবহার করেন।" বিকালে বিরোধী দলের সাংসদরা সংসদে স্পিকার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় সংসদের নিরাপত্তা রক্ষার দায়িত্বে নিয়োজিত বাহিনীর প্রধান সার্জেন্ট এ্যাট আর্ম কে ধমক দেন বিরোধীদলীয় চিফ হইপ। চিফ হুইপ বলেন, "বিরোধী দল দেশে গণতান্ত্রিক পরিবেশ চায় না, গণতান্ত্রিক শাসন চায় না। দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির জন্য এ আচরণ করছে। " বিরোধী দলের কোনো অভিযোগ, প্রতিবাদ থাকলে সংসদে এসে বলার আহ্বান জানান আব্দুস শহীদ। শহীদ জানান, এ পর্যন্ত নবম সংসদের অধিবেশনে ১৭৪ কার্য দিবসে বিরোধী দলের সদস্যরা সংসদে এসেছে ৪৪ দিন, আর বিরোধীদলীয় নেত্রী এসেছেন পাঁচ দিন। ডেপুটি স্পিকার শওকত আলী অধিবেশনে সভাপতিত্ব করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/পিডি/১৯০০ ঘ.