চাঁদপুর, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনী সহিংসতার ঘটনায় দায়ের মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহছানুল হক মিলনের রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাফটকে জিজ্ঞাসার অনুমতি দিয়েছে চাঁদপুরের একটি আদালত।
মঙ্গলবার দুপুরে চাঁদপুরের বিচারিক হাকিম দিদার হোসাইন এ আদেশ দেন।
২০০৮ সালের ৪ জানুয়ারি চাঁদপুরের কচুয়া উপজেলায় আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয় ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও চাঁদা দাবির ঘটনায় দায়ের মামলায় মিলনকে দুপুরে কুমিল্লা কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
এ মামলার তদন্ত কর্মকর্তা কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন মিলনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন নিজেদের হেফাজত (রিমান্ড) চান।
এ সময় মিলনের আইনজীবীরা তার জামিন চান এবং হেফাজত নামঞ্জুর করার দাবি জানান।
বিচারক দুই পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে মিলনকে কারাফটকে জিজ্ঞাসার অনুমতি দেন।
আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয় ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও চাঁদা দাবির ঘটনায় গত ১৫ জানুয়ারি কচুয়া থানায় মামলাটি করেন কচুয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আওলাদ সরকার।
আদেশের পর মিলনের আইনজীবী এ এন এম মাইনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মিলনের বিরুদ্ধে চাঁদপুরের বিভিন্ন আদালতে মোট ২১টি মামলা হয়েছে। ১৯টি মামলায় তিনি জামিনে রয়েছেন।"
আওয়ামী লীগের সংসদ সদস্য মহীউদ্দীন খান আলমগীরের গাড়ি বহরে হামলার অভিযোগে দায়ের করা মামলায় মিলনকে গত বছরের ১৪ মার্চ গ্রেপ্তার করা হয়।
আলমগীর ও মিলনের নির্বাচনী আসন চাঁদপুরের কচুয়া। গত সংসদ নির্বাচনে আলমগীরের কাছেই হেরেছিলেন মিলন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪৪৬ ঘ.
bdnews24