২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্যমূল্য: প্রধানমন্ত্রীর অভিযোগ নাকচ বিএনপির

শেয়ার বাজারের নাজুক পরিস্থিতি ও দ্রব্যমূল্য বৃদ্ধি বিষয়ে প্রধানমন্ত্রীর অভিযোগ নাকচ করেছে বিএনপি। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2011, 12:41 PM

Updated : 24 Aug 2022, 02:28 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ার বাজারের নাজুক অবস্থা ও দ্রব্যমূল্য বৃদ্ধি বিষয়ে প্রধানমন্ত্রীর অভিযোগ নাকচ করেছে বিএনপি। সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, "প্রধানমন্ত্রী নিজের দায় এখন অন্যের ঘাড়ে চাপাচ্ছেন। দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের ব্যর্থতাই দায়ী। "১০ টাকা কেজি চাল খাওয়াবেন বলে এখন তা ৫০ টাকা কেজি চলে গেছে। আর শেয়ার বাজার ধ্বংসের জন্য কে বা কারা দায়ী তা মতিঝিলে বিনিয়োগকারীদের জিজ্ঞাসা করলেই পাওয়া যাবে। এভাবে আর দায় এড়ানো যাবে না।" সোমবার সকালে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে মজুদদারীর মাধ্যমে বিরোধী দলের সদস্যরাই খাদ্যশস্যের দাম বাড়াচ্ছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেয়ার বাজারের নাজুক পরিস্থিতির জন্যও বিরোধী দলকে দায়ী করেন তিনি। মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এ অভিযোগ করেন বলে সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ। নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অভিযোগ বিষয়ে বিএনপি মহাসচিবকে প্রশ্ন করা হয়। এর উত্তরে তিনি বলেন, "প্রধানমন্ত্রী দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য আমাদের দায়ী করছেন। দেশ চালাচ্ছেন তিনি। ব্যর্থতা তার। এখন বলছেন দাম বাড়ছে আমাদের জন্য। "এটা দেশের মানুষ বিশ্বাস করে না।" শেখ হাসিনাকে উদ্দেশ্য করে খোন্দকার দেলোয়ার বলেন, "আপনি যদি মনে করেন আমরা দাম বাড়াতে পারি- তা হলে আপনি ক্ষমতা ছেড়ে দিন।" শেয়ার বাজারের বর্তমান অবস্থার জন্য সরকারকে দায়ী করে দেলোয়ার বলেন, "১৯৯৬ সালে আওয়ামী লীগের আমলে শেয়ার বাজার ধ্বংস হয়েছে। এবারও তারাই এ ঘটনা ঘটিয়েছে। আমাদের বলতে হবে না- বিনিয়োগকারীরা বলবে- কারা ওই ধ্বংসের পেছনে রয়েছেন।" তিনি বলেন, "হরতালের কর্মসূচির সঙ্গে বিশ্বকাপ ক্রিকেট আয়োজন বাধাগ্রস্থ হওয়ার কোনো সর্ম্পক নেই। আমরাও খেলাধুলার পক্ষে। "ওই ক্রিকেট আসরের আর ১০ দিন বাকি। তাই হরতালে এর ভাবমূর্তি বিনষ্ট করা হয়েছে- তা ঠিক নয়।" মানুষের অতি গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিশেষ করে দ্রব্যমূল্য বৃদ্ধির মতো বিষয়কে বিএনপি বেশি গুরুত্ব দেয় বলে জানান বিএনপি মহাসচিব। জনগণের সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত বিএনপি চলমান আন্দোলন অব্যাহত রাখবে বলেও জানান দেলোয়ার। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, এম ইলিয়াস আলী, প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, কেন্দ্রীয় কমিটির সদস্য খোন্দকার আবদুল হামিদ ডাবলু, হাবিবুল ইসলাম হাবিবসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৯০৪ ঘ.