ঢাকা, ফেব্রুয়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের মধ্যে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের পাশে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটেছে। অন্যদিকে বিএনপি সংসদ সদস্যদের একটি মিছিল লাঠিপেটা ও জলকামান ব্যবহার করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।
বিএনপি নেতারা জানায়, সোমবার দুপুর ৩টার দিকে নয়া পল্টনে দলীয় কার্যালয়ের পাশে মসজিদের গলিতে তিনটি হাতবোমার বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।
বিস্ফোরণের বিষয়টি স্বীকার করে পল্টন থানার ওসি শহীদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আতঙ্ক ছড়ানোর জন্য কেউ এ কাজ করেছে।
দুপুর পৌনে ১টার দিকে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে বিএনপি সংসদ সদস্যরা দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলের চেষ্টা করলে পুলিশ জলকামান থেকে তাদের ওপর রঙিন পানি ছিটায়।
সংসদ সদস্য মাহবুবউদ্দিন খোকন, হারুন অর রশীদ, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, রেহানা আখতার রানু, নীলুফার মনি চৌধুরী, শাম্মী আখতার ওই সময় সেখানে ছিলেন।
সংসদ সদস্যদের ওপর পানি ছিটানোয় বিএনপিকর্মীরা বিক্ষোভ করলে পুলিশ তাদের ব্যাপক লাঠিপেটা করে। এক পর্যায়ে কার্যালয়ের প্রধান ফটকের ভেতরে ঢুকেও কর্মীদের পেটায় পুলিশ।
পুলিশের লাঠিপেটায় অন্তত ২০ জন আহত হয়েছেন বলে বিএনপি নেতারা জানিয়েছেন। তারা বলছেন, এর মধ্যে তিন জনের অবস্থা গুরুতর।
আহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়।
আড়িয়ল বিলে বিমানবন্দর নিয়ে সহিংস ঘটনায় খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহার, পুঁজিবাজারে অস্থিরতার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধসহ কয়েকটি দাবিতে প্রধান বিরোধী দল বিএনপি সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে।
তবে হরতালের সমর্থনের সারাদেশে মিছিল করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন বিএনপি নেতা-কর্মীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এলএইচ/এমআই/১৫৩০ ঘ.
bdnews24