নারায়ণগঞ্জ, ফেব্রুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাম্প্রতিক পৌর এবং উপনির্বাচনের মতো আসন্ন ইউপি নির্বাচনও সুষ্ঠু হবে বলে আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল এ মাসেই হবে জানিয়ে ছহুল শনিবার নারায়ণগঞ্জে এক সভায় ওই নির্বাচন নিয়ে তার আশার কথা জানান।
নির্বাচনের কমিশনের পরিকল্পনা অনুযায়ী, মার্চ ও মে মাসে দুই দফায় দেশের প্রায় সাড়ে ৪ হাজার ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে।
ছহুল সাংবাদিকদের বলেন, প্রথমে দেশের উপকূলীয় এলাকার ইউপি নির্বাচন হবে। সবশেষ হবে ঢাকা বিভাগে।
"নির্দলীয়ভাবে ইউনিয়ন পরিষদের এই নির্বাচন ভালোভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন দৃঢ় প্রত্যয়ী", বলেন তিনি।
ছহুল আড়াইহাজারে উপজেলা পরিষদের পাশে ভোটার তালিকা হালনাগাদ করার জন্য নির্মাণাধীন সার্ভার স্টেশন পরিদর্শন করেন।
এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমআই/১৪০০ ঘ.
bdnews24