২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলিতে কিশোরগঞ্জ যুবদল নেতা আহত

কিশোরগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুর ইসলাম সুমন (৩৫)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2011, 01:14 PM

Updated : 24 Aug 2022, 02:27 PM

কিশোরগঞ্জ, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কিশোরগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুর ইসলাম সুমন (৩৫)। শুক্রবার বিকালে শহরের একরামপুর এলাকায় ঘটনাটি ঘটে বলে পুলিশ ও পরিবারের সদস্যরা জানিয়েছে। পিঠে গুলিবিদ্ধ সুমনকে প্রথমে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে পাঠানো হয় ঢাকায়। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং গুরুদয়াল সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি) সুমনের অবস্থা আশঙ্কা বলে চিকিৎসকরা জানিয়েছেন। করিমগঞ্জ-তাড়াইল আসনের বিএনপির সাবেক সংসদ কবীর উদ্দিন আহম্মদের ছেলে তিনি। সুমনের পারিবারের সদস্যরা জানান, দুপুরে জুমার নামাজের পর সুমন নিউটাউন এলাকায় মুরাদ নামে সংগঠনের এক কর্মীর বাসায় দাওয়াতে যান। সেখান থেকে ফেরার পথে বিকাল সাড়ে ৪টার দিকে একরামপুরে নিকলী বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। সঙ্গে সঙ্গে আশপাশে থাকা লোকজন তাকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আবিদুর রহমান সাংবাদিকদের জানান, ফুসফুসের কাছাকাছি গভীরে গুলিটি বিদ্ধ হওয়ায় সুমনের অবস্থা সংকটজনক। সাবেক সংসদ কবীর উদ্দিন আহম্মদ বলেন, "কী কারণে তাকে গুলি করা হয়েছে তা আমার বোধগম্য নয়। "সে এমন কিছু অন্যায় কাজ করে নাই যে তাকে কেউ গুলি করতে পারে।" কিশোরগঞ্জ মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, এখন পর্যন্ত ঘটনার কোন কারণ উদঘাটন কিংবা জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ব্যাপারে তদন্ত চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১১ ঘ.