২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'জনরোষের ভয়েই বিমানবন্দর না করার সিদ্ধান্ত'

আড়িয়ল বিলে বিমান বন্দর নির্মাণের সিদ্ধান্ত বাতিল সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় প্রধান বিরোধী দল বলেছে, জনরোষের ভয়েই ওই স্থানে বিমানবন্দর করার সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন তিনি। বিরোধী দলীয় নেতার দাবির প্রতি সম্মান দেখিয়ে নয়। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2011, 12:44 PM

Updated : 24 Aug 2022, 02:27 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আড়িয়ল বিলে বিমান বন্দর নির্মাণের সিদ্ধান্ত বাতিল সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় প্রধান বিরোধী দল বলেছে, জনরোষের ভয়েই ওই স্থানে বিমানবন্দর করার সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন তিনি। বিরোধী দলীয় নেতার দাবির প্রতি সম্মান দেখিয়ে নয়। শুক্রবার বিকালে নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকার পাশ্ববর্তী জেলা সমূহের নেতাদের যৌথ সভার আগে এক প্রেস ব্রিফিঙে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি দাবি করেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে সঠিক কথা বলেননি। বরং জনগণকে বিভ্রান্ত করেছেন।'' বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে এক সংবাদ সম্মেলনে বলেন, ''যেহেতু ওই এলাকার (মুন্সিগঞ্জ) জনগণ চাইছে না, তাই সরকার জনগণের ইচ্ছার বিরুদ্ধে কিছু করবে না। তাছাড়া বিরোধী দলীয় নেত্রীও চাইছেন না। তার দাবির প্রতি তো সম্মান দেখাতেই হবে। আমরা তার দাবি মেনে নিলাম।'' শেখ হাসিনা বলেন, মুন্সীগঞ্জে নয়, বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর হবে পদ্মার অন্য পারে। তিনি খালেদা জিয়াকে ইঙ্গিত করে আরো বলেন, "তিনি (খালেদা) মুন্সীগঞ্জের মানুষকে উন্নয়ন থেকে বঞ্চিত করেছেন। তিনি উন্নয়ন চান না।" মুন্সীগঞ্জের শ্রীনগরে আড়িয়ল বিলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্তের বিরোধিতা করে গত ৩১ জানুয়ারি ঢাকা-মাওয়া সড়ক অবরোধ করে স্থানীয়রা। এ সময় পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষে পুলিশের এক উপপরিদর্শক নিহত হন। ব্যাপক সংঘর্ষে আহত হয় অর্ধশত। ওই সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদি হয়ে তিনটি মামলা করে। এছাড়া মুন্সীগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান বাদি হয়ে আদালতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে প্রধান আসামি করে আরেকটি মামলা করেন। চার মামলায় মোট ২১ হাজার জনকে আসামি করা হয়। খালেদাকে আসামি করার প্রতিবাদ এবং আরো কয়েকটি দাবিতে আগামী ৭ ফেব্র"য়ারি সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। প্রধানমন্ত্রীর ওই বক্তব্য খণ্ডন করে বিএনপি মহাসচিব আরো বলেন, বিরোধী দলীয় নেত্রীর দাবির প্রতি সম্মান দেখিয়ে বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত প্রত্যাহার করা হলে, তার সবগুলো দাবিই পূরণ করতেন প্রধানমন্ত্রী। কারণ, সোমবারের হরতাল কেবল আড়িয়ল বিলে নতুন বিমানবন্দরের নির্মাণ বন্ধের দাবিত্ েনয়, আরও দাবি রয়েছে। সেগুলো হচ্ছে- বিমানবন্দরকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলা প্রত্যাহার, নতুনবিমান বন্দর আর না করা, পুঁজিবাজারের ঘটনায় দোষীদের শাস্তি, দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনের দাবি। "আমাদের অন্য দাবিগুলো মেনে নিলে হরতালের প্রয়োজন হতো না", বলেন দেলোয়ার। সোমবারের সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি সফল করারও আহবান জানান তিনি। দেশের বর্তমান পরিস্থিতিতে নতুন বিমানবন্দরের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেন দেলোয়ার। তিনি বলেন, দেশের আর্ন্তজাতিক বিমানবন্দরের মাত্র ৩০ শতাংশ ব্যবহৃত হয়। এগুলোর শতভাগ ব্যবহার নিশ্চিত না করে সরকার একজন ব্যক্তির নামের জন্য কোটি কোটি ঠাকা ব্যয় করে নতুন বিমানবন্দর করছে। এর পেছনে যেসব যুক্তি খাড়া করছে তাও সঠিক নয় বলে তিনি দাবি করেন। বিএনপি মহাসচিব সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, সোমবারের হরতাল 'শান্তিপূর্ণ' হবে। এতে সরকার কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তার পরিণতি শুভ হবেনা। প্রেস ব্রিফিঙে অন্যান্যের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, সহসভাপাতি আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল মান্নান, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, অর্থনৈতিক সম্পাদক আবদুস সালাম, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব, নারায়ণগঞ্জের সাবেক সাংসদ রেজাউল করীম, বদরুজ্জামান খসরু প্রমুখ উপস্থিত ছিলেন। যৌথ সভায় ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ জেলার নেতারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯০০ ঘ.