ঢাকা, ফেব্রুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন।
বুধবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে খন্দকার মাহবুব বলেন, "খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করুন। অন্যথায় দেশব্যাপী গণবিক্ষোভ শুরু হবে।"
"দেশের দুটি আন্তর্জাতিক বিমানবন্দরের ৩০ ভাগ এলাকাও ব্যবহৃত হচ্ছে না। এরপরও এক ব্যক্তির নামে বিমানবন্দর করার জন্যই আড়িয়ল বিলের অভুক্ত মানুষের জমি কেড়ে নেওয়া হচ্ছে," অভিযোগ করেন তিনি।
আড়িয়ল বিলে বিমানবন্দরের বিরোধিতা করে সোমবার স্থানীয়দের ঢাকা-মাওয়া সড়ক অবরোধের সময় সংঘর্ষে মতিউর রহমান নামে এক পুলিশ উপপরিদর্শক নিহত হন। ব্যাপক সংঘর্ষে আহত হয় অর্ধশত।
ওই ঘটনায় পুলিশ বাদি হয়ে তিনটি মামলা করে। এ ছাড়া মুন্সীগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি এবং জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল মান্নান বাদি হয়ে আদালতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে প্রধান আসামি করে আরেকটি মামলা করেন। চারটি মামলায় মোট ২১ হাজার জনকে আসামি করা হয়েছে।
ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদিনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার রফিকুল ইসলাম মিয়া।
রফিকুল ইসলাম বলেন, "আওয়ামী লীগের একজন এমপি সরকারের ষড়যন্ত্র সফল করতে আড়িয়ল বিলে পুলিশের ওপর হামলা করেছে। ওই হামলার সঙ্গে খালেদা জিয়া বা ওই এলাকার মানুষের কোনো সংশ্লিষ্টতা নেই।"
তিনি বিমানবন্দর নির্মাণ না করে বিদ্যমান গ্যাস-বিদ্যুৎ সমস্যা সমাধান করার দাবি জানান।
আগামী রোববার দেশের সব বারে এই ইস্যুতে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/পিডি/১৮০৭ ঘ.
bdnews24