২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনা: দায়ীদের দণ্ড বাড়ানোর পক্ষে আইনমন্ত্রী

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, সড়ক দুর্ঘটনার জন্য দায়ীদের দণ্ডের বিধান অপ্রতুল। দণ্ড বাড়ানোর প্রস্তাব পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2011, 01:33 PM

Updated : 24 Aug 2022, 02:26 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, সড়ক দুর্ঘটনার জন্য দায়ীদের দণ্ডের বিধান অপ্রতুল। দণ্ড বাড়ানোর প্রস্তাব পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় সংসদের মঙ্গলবারের অধিবেশনে তিনি বলেন, "দুর্ঘটনায় দায়ীদের জন্য যে দণ্ডের বিধান রয়েছে তা অপ্রতুল বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। "দণ্ড বাড়ানোর বিষয়ে যোগাযোগ মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সুনির্দিষ্ট প্রস্তাব পাওয়া গেলে পেনাল কোড সংশোধন করে অপরাধীদের দণ্ড বাড়ানোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।" সংরক্ষিত নারী আসনের সাংসদ বেগম ফরিদুন্নাহার লাইলীর এক প্রশ্নের জবাবে এ কথা বলেন আইনমন্ত্রী। আপাতত এ বিষয়ে নতুন আইন তৈরির পরিকল্পনা সরকারের নেই বলে জানান তিনি। দণ্ডবিধির ৩০৪-এর 'খ' ধারায় সড়ক দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তির সর্বোচ্চ সাজা তিন বছরের জেল। আরেক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী শফিক আহমেদ জানান, দেশের প্রতিটি জেলার আদালত কার্যক্রম কম্পিউটারাইজড করার পরিকল্পনা সরকারের রয়েছে। এর অংশ হিসাবে দেশের সকল চিফ মেট্রোপলিটন আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কম্পিউটার সরবরাহ করা হয়েছে। লক্ষ্মীপুর-৪ আসনের সাংসদ এ বি এম আশরাফউদ্দিন আইনমন্ত্রীর কাছে জানতে চান- সংবিধানের ৯৫ ও ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে রাষ্ট্রপতির সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি নিয়োগের যে প্রক্রিয়া রয়েছে তাতে পরিবর্তন আনা হবে কি না। জবাবে তিনি বলেন, "এ প্রক্রিয়ায় পরিবর্তন বা সংশোধনের পরিকল্পনা আপাতত নেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/পিডি/১৯৩৪ ঘ.