ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে চারদলীয় জোটের পরিসর আরো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি নেতৃত্বাধীন এই জোটের নেতারা।
বৃহস্পতিবার রাতে চার দলের এক বৈঠকের পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, “জোট স¤প্রসারণ হচ্ছে, আলোচনা চলছে। যারা যোগ দেবে, এরকম কয়েকটি দলের সঙ্গে আরো আলোচনার প্রয়োজন রয়েছে।
আরো দুই-একটি বৈঠকের পরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে তিনি জানান।
বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটে বর্তমানে রয়েছে জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)। সংসদে জামায়াতের দুটি এবং বিজেপির একটি আসন রয়েছে।
অলি আহমদ নেতৃত্বাধীন এলডিপিসহ কয়েকটি দলের এই জোটে যোগ দেওয়ার আলোচনা চলছে। এই দলগুলোর নেতারা কিছুদিন আগে খালেদা জিয়ার নেতৃত্বে রোড মার্চেও অংশ নেন।
সংসদে এলডিপির রয়েছে একটি আসন। বিএনপির প্রতিষ্ঠাকালীন নেতা অলি আহমদ নেতৃত্বাধীন দলটি গত নির্বাচনের আগে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে থাকলেও গত এক বছরে বিএনপির দিকে ঝুঁকেছে।
বৈঠক থেকে বেরিয়ে খেলাফত মজলিশের আমির মুহাম্মদ ইসহাক সাংবাদিকদের বলেন, “সরকারবিরোধী আন্দোলনকে সামনে রেখে চারদলীয় জোট স¤প্রসারণের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আমরা বিভিন্ন প্রস্তাব জোট নেত্রীর কাছে উপস্থাপন করেছি। তিনিই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।”
এলডিপি জোটে যুক্ত হচ্ছে কি না- জানতে চাইলে তিনি বলেন, “অবশ্যই এলডিপি জোটে থাকবে। এখন তো তারা আমাদের সঙ্গেই আন্দোলনে আছে।”
বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, “এই জোট হবে রাজনৈতিক অঙ্গনে বৃহত্তম জোট। জোটের রূপরেখার খসড়া নিয়ে আলোচনা চলছে। জোটনেত্রী দলের স্থায়ী কমিটির সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্তনেবেন।”
চট্টগ্রাম রোড মার্চের আগে জোটের পরিসর বাড়ানোর ঘোষণা আসবে কি না- প্রশ্ন করা হলে তিনি বলেন, “এত তাড়াতাড়ি নয়।”
বৃহস্পতিবার রাত পৌনে ৯টায় শুরু হয়ে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়ার সভাপতিত্বে এই বৈঠক চলে পৌনে এক ঘণ্টা।
বৈঠকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবদুস সুবহান, সহকারী সেক্রেটারি জেনারেল মজিবর রহমান, ঢাকা মহানগরের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম বুলবুল, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির মহাসচিব শামীম আল মামুন, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, যুগ্ম মহাসচিব মুফতি ফয়েজউল্লাহ, খেলাফত মজলিশের মহাসচিব অধ্যাপক আহমেদ আবদুল কাদের, জমিয়তে উলামা ইসলামের যুগ্ম মহাসচিব শাহিনুর পাশা চৌধুরী অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/০০২৪ ঘ.
bdnews24