কুমিল্লা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএমের মাধ্যমে ফলাফল পাল্টে দেওয়া হবে বলে আশঙ্কা করেছেন বিএনপি থেকে অব্যাহতি পাওয়া মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু।
মঙ্গলবার কুমিল্লা নগরের চর্থা, বৌবাজারসহ বিভিন্ন স্থানে দিনভর প্রচার শেষে তিনি তার শঙ্কার কথা সাংবাদিকদের বলেন। জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরও এদিন সাক্কুর সঙ্গে প্রচারে ছিলেন।
সাক্কু আরো অভিযোগ করেন, সরকারি দলের প্রার্থীরা ক্ষমতার অপব্যবহার করে প্রচার চালাচ্ছে।
বিএনপি ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের বিরোধিতা করে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন বর্জন করলেও পৌরসভার সাবেক মেয়র সাক্কু দল থেকে অব্যাহতি নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের সমর্থন নিয়ে প্রার্থী হয়েছেন আফজল খান। এছাড়াও ক্ষমতাসীন দলের দুই বিদ্রোহী প্রার্থী রয়েছেন। জাতীয় পার্টি সমর্থন দিয়েছে এয়ার আহমেদ সেলিমকে।
সাক্কু বলেন, “গণজোয়ার দেখে ভীত সন্তস্ত্র ক্ষমতাসীনরা ইভিএমের মাধ্যমে কারচুপি করে ফলাফল পাল্টে দিতে পারে।”
“আফজল খানের পক্ষে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি লোটাস কামাল গণসংযোগ করেছেন, যা নির্বাচনী আচরণবিধির পরিপন্থী। আমরা রির্টানিং অফিসারের কাছে এ বিষয়ে অভিযোগ করেছি,” বলেন সাবেক এই বিএনপি নেতা।
তবে সাক্কুর অভিযোগ নাকচ করে আফজল খান বলেন, নির্বাচনের আচরণবিধি মেনেই সংসদ সদস্যরা প্রচার চালাচ্ছেন।
মঙ্গলবার আফজল খানের পক্ষে প্রচারে অংশ নেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন।
এদিকে মঙ্গলবার সকালে আর্থিক অস্বচ্ছলতার কারণ দেখিয়ে সাংবাদ সম্মেলন করে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন নির্দলীয় মেয়র প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর মামুনুর রশিদ।
তিনি সাংবাদিকদের আরো বলেন, “কালোটাকা নির্বাচনে প্রভাব ফেলছে। এই অবস্থায় এই নির্বাচনে টিকে থাকা সম্ভব নয়।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমআই/২০৩৫ ঘ.
bdnews24