ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন নির্বাচন কমিশন নিয়োগ নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে সংবিধান অনুযায়ী আইন করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি।
নির্বাচন কমিশন গঠন নিয়ে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান মঙ্গলবার বেলা ১২টায় বঙ্গভবনে সিপিবির ১২ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বসেন। স্বাগত বক্তব্যে তিনি বলেন, সবার মতামত নিয়ে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের জন্যই এ সংলাপের আয়োজন।
সংলাপ শেষে সিপিবি সভাপতি মনজুরুল আহসান খান সাংবাদিকদের বলেন, “আমরা সংবিধান অনুযায়ী ইসি নিয়োগের আইন করার সুপারিশ করেছি।”
ইসি নিয়োগ নিয়ে ঐকমত্যে পৌঁছাতে প্রয়োজনে রাষ্ট্রপতির সংলাপের পর দলগুলোর সঙ্গে সরকারের ‘অনানুষ্ঠানিক’ সংলাপ হতে পারে বলেও মন্তব্য করেন সিপিবি সভাপতি।
এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন তিন সদস্যের বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ফেব্র“য়ারির মাঝামাঝি সময়ে। আইন অনুযায়ী রাষ্ট্রপতি এর আগেই নতুন কমিশন নিয়োগ দেবেন।
এ নিয়োগের জন্য গত ২২ ডিসেম্বর থেকে সংসদে প্রতিনিধিত্বকারী ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি।
মনজুরুল আহসান বলেন, “রাষ্ট্রপতি আমাদের বলেছেন, তার এখতিয়ারে যা যা আছে- তা তিনি করবেন। আর অন্যান্য বিষয়গুলো যথাযথ কর্তৃপক্ষকে জানিয়ে দেবেন।”
সিপিবির আগে বেলা ১১টা থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির ৯ সদস্যের প্রতিনিধি দলের বক্তব্য শোনেন রাষ্ট্রপতি। দলটি বলেছে, তত্ত্বাবধায়ক ব্যবস্থা না ফেরালে ইসি নিয়োগ কোনো সুফল বয়ে আনবে বলে তারা মনে করে না।
এই সংলাপের আমন্ত্রণ জানিয়ে রাষ্ট্রপতি ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপিকেও ইতোমধ্যে আমন্ত্রণ জানিয়েছেন। বিএনপির সঙ্গে সংলাপ হবে ১১ জানুয়ারি, তার পরদিন আওয়ামী লীগের বক্তব্য শুনবেন জিল্লুর রহমান।
রাষ্ট্রপতির এই উদ্যোগে বিএনপির অংশগ্রহণ নিয়ে শুরুতে খানিকটা অস্পষ্টতা থাকলেও সোমবার রাতে চার দলীয় জোটের বৈঠকের পর বিএনপির বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, তারা রাষ্ট্রপতির সংলাপে যোগ দেবেন।
প্রথম দিনের সংলাপে রাষ্ট্রপতি জাতীয় পার্টি (এরশাদ) ও জাসদের মতামত শোনেন। নতুন নির্বাচন কমিশন নিয়োগে সাংবিধানিক পদের ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন এবং একটি বিধিমালা প্রণয়ন করে তা অনুসরণের প্রস্তাব দিয়েছে এই দল দুটি।
দ্বিতীয় দিনের সংলাপে রাষ্ট্রপতি বসেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এবং জাতীয় পার্টি- জেপির সঙ্গে। ওয়ার্কার্স পার্টি বলেছে, নতুন নির্বাচন কমিশন নিয়োগে সংবিধান অনুযায়ী একটি আইন করা উচিৎ। আর জেপি বলেছে, ইসি নিয়োগের বর্তমান পদ্ধতি অকার্যকর নয়; তবে নতুন আইন হলেও তাদের আপত্তি নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১৪৪০ ঘ.
bdnews24