২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগকে সংলাপের চিঠি রাষ্ট্রপতির

নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপে অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2011, 01:04 PM

Updated : 24 Aug 2022, 05:28 PM

ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপে অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সোমবার বিকালে দলটির উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দলের সাধারণ সম্পাদক বরাবর ১০ সদস্যের প্রতিনিধি দল নিয়ে সংলাপে অংশ নিয়ে বঙ্গভবনের দেওয়া চিঠি তারা পেয়েছেন। চিঠিতে আগামী ১২ জানুয়ারি সকাল ১১টায় বঙ্গভবনে এ সংলাপ হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়। প্রধান বিরোধী দল বিএনপিকেও সংলাপে অংশ নিতে আমন্ত্রণ জানিয়ে সোমবারই চিঠি দেওয়া হয় রাষ্ট্রপতির পক্ষ থেকে। বিএনপির সঙ্গে সংলাপ আগামী ১১ জানুয়ারি হওয়ার কথা। বিএনপি ইতিমধ্যে বলেছে, রাষ্ট্রপতির আমন্ত্রণ পাওয়ার পর তারা এ সংলাপ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে। তবে রাষ্ট্রপতির বদলে প্রধানমন্ত্রী নিজেই সংলাপের উদ্যোগ নিলে আরো ভালো হতো বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ফেব্র“য়ারির মাঝামাঝি। এ পরিপ্রেক্ষিতে নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে মতামত জানতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে গত ২২ ডিসেম্বর সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। সোমবার পর্যন্ত দুই দফায় জাতীয় পার্টি (এরশাদ), জাতীয় সমাজতান্ত্রিক দল (ইনু), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও জাতীয় পার্টির (জেপি) সঙ্গে সংলাপ করেছেন রাষ্ট্রপতি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৯০৩ ঘ.