২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপিকে রাষ্ট্রপতির চিঠি

নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে মত দিতে রাষ্ট্রপতির সংলাপে অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2011, 11:55 AM

Updated : 24 Aug 2022, 05:28 PM

ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে মত দিতে রাষ্ট্রপতির সংলাপে অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। সোমবার বিকালে এক সংবাদ ব্রিফিঙে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “বেলা ৩টায় ফ্যাক্সে এবং বিকাল ৪টায় বিশেষ ডাকে রাষ্ট্রপতির সংলাপের চিঠি আমাদের কার্যালয়ে এসেছে।” তিনি বলেন, চিঠিতে আগামী ১১ জানুয়ারি রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে যোগ দিতে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে। নয়া পল্টনে বিএনপির প্রধান কার্যালয়ে বিএনপির মহাসচিব বরাবর যাওয়া চিঠিটি সোমবারই দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পাঠানো হবে বলে জানান রিজভী। তিনি বলেন, দলের নীতিনির্ধারকরা বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ফেব্র“য়ারির মাঝামাঝি। এ পরিপ্রেক্ষিতে নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে মতামত জানতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে গত ২২ ডিসেম্বর সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। বিএনপি ইতিমধ্যে বলেছে, রাষ্ট্রপতির আমন্ত্রণ পাওয়ার পর তারা এ সংলাপ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে। তবে রাষ্ট্রপতির বদলে প্রধানমন্ত্রী নিজেই সংলাপের উদ্যোগ নিলে আরো ভালো হতো বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার পর্যন্ত দুই দফায় জাতীয় পার্টি (এরশাদ), জাতীয় সমাজতান্ত্রিক দল (ইনু), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও জাতীয় পার্টির (জেপি) সঙ্গে সংলাপ করেছেন রাষ্ট্রপতি। নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিং করেন রিজভী। জেলায় জেলায় বিএনপির সোমবারের বিক্ষোভ সমাবেশ কর্মসূচি বিষয়ে জানাতে এই ব্রিফিং হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৭৫০ ঘ.