ঢাকা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির যুগ্মমহাসচিব রিজভী আহমেদ বলেছেন, খালেদা জিয়ার চট্টগ্রাম অভিমুখী রোড মার্চ বানচাল করতে সরকার নেতিবাচক প্রচারণা চালাচ্ছে।
“বিএনপি কোনো গোপন ও চোরাবালির পথে রাজনীতি করে না। আমরা যা বিশ্বাস করি, তা-ই করি,” রোববার এক সংবাদ সম্মেলনে বলেছেন তিনি।
গত ১৮ ডিসেম্বর ঢাকায় বিএনপির মুক্তিযোদ্ধা সমাবেশের আগে-পরে বোমাবাজি ও গাড়ি পোড়ানোর পর সরকার বলে আসছে, বিরোধী দল পরিকল্পিতভাবে পরিস্থিতি অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে।
রিজভী বলেন, “আগামী ৮ ও ৯ জানুয়ারি চট্টগ্রামের রোড মার্চ সম্পর্কে সরকার পরিকল্পিতভাবে সংশয় সৃষ্টি করতে অপপ্রচার চালাচ্ছে। আমরা বলতে চাই, আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ। অতীতের মতো চট্টগ্রাম অভিমুখী রোড মার্চও নেতা-কর্মীরা সাফল্যের সঙ্গে বাস্তবায়ন করবে।”
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালসহ নানা দাবিতে জনমত গঠনে এর আগে সিলেট, রাজশাহী অঞ্চল ও খুলনা অভিমুখে রোড মার্চ করেছেন বিরোধীদলীয় নেতা।
রিজভী অভিযোগ করেন, শনিবার সারাদেশে থানায় থানায় বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের পাশাপাশি সরকারদলীয় নেতা-কর্মীরাও বাধা দিয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ১৭৫ জন নেতা-কর্মীকে।
রিজভী জানান, পূর্বঘোষণা অনুযায়ী সোমবার জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ হবে। গুপ্ত হত্যা বন্ধ, নেতা-কর্মীদের গ্রেপ্তার, দলীয় কর্মসূচিতে বাধা দেওয়া ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে এই বিক্ষোভ হবে।
গত শুক্রবার ছাত্রলীগ খুলনার আযম খান কমার্স কলেজে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালায় বলে দাবি করে তিনি বলেন, এখন উল্টো ছাত্রদল নেতাদেরই মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। গ্রেপ্তার করা হয়েছে ৫২ জনকে।
দেশের প্রেক্ষাগৃহে ভারতীয় চলচিত্র প্রদর্শনের নিন্দা জানিয়ে বিএনপির যুগ্মমহাসচিব বলেন, “সাংস্কৃতিক আাগ্রাসন শুরু হয়েছে। বাংলাদেশের সিনেমা হলে ভারতীয় ছবি প্রদর্শন জাতীয় সংস্কৃতির ওপর একটা বিরাট আঘাত।”
“ইতিমধ্যে ভারতীয় চলচ্চিত্র প্রদর্শন বন্ধের দাবি জানিয়েছেন আমাদের সংস্কৃতিব্যক্তিরা। আমরা ওই দাবির সঙ্গে একমত পোষণ করি,” বলেন তিনি।
এ নিয়ে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কর্মসূচি দেবে বলে রিজভী জানান।
নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভীর সঙ্গে ছিলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১২৫২ ঘ.
bdnews24