২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্ষোভে বাধার অভিযোগ বিএনপির

দেশের বিভিন্ন স্থানে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ ও ক্ষমতাসীন দলের কর্মীরা বাধা দিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2011, 02:34 PM

Updated : 24 Aug 2022, 05:27 PM

ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বিভিন্ন স্থানে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ ও ক্ষমতাসীন দলের কর্মীরা বাধা দিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। শনিবার সন্ধ্যায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “পুলিশ ও সরকারি দলের পেটোয়া বাহিনী আমাদের কর্মসূচি ভণ্ডুল করতে হামলা চালিয়েছে। এভাবে হামলা-গ্রেপ্তার করে নেতা-কর্মীদের আন্দোলন থেকে নিরুৎসাহিত করা যাবে না। আমরা এ ধরনের হামলার নিন্দা জানাই।” শনিবার পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকাসহ সারাদেশে থানায় থানায় বিক্ষোভ করে বিএনপি। দলটির অভিযোগ, রাজধানীতে নয়া পল্টনের সড়ক থেকে নাইটিঙ্গেল মোড়ে যাওয়ার পথে পুলিশ লাঠিপেটা করে একটি মিছিল ছত্রভঙ্গ করে দেয়। এছাড়া রাজধানীর মিরপুর, পান্থপথসহ কয়েকটি স্থানেও মিছিলে বাধা দেওয়া হয়। ২১ তারিখ পুলিশি বাধায় গণমিছিলের কর্মসূচি পণ্ড হয়ে যাওয়ায় বৃহস্পতিবার দুই দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে প্রধান বিরোধী দল বিএনপি। এর অংশ হিসেবে ২৬ ডিসেম্বর জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ করবে দলটি। রুহুল কবির রিজভী জানান, ময়মনসিংহের তারাকান্দা, নরসিংদী, মাধবদী, নাটোর, গাইবান্ধার গোবিন্দগঞ্জ, ঢাকার আসাদ গেইট প্রভৃতি স্থানে কর্মসূচি পালনকালে ৪০ জন নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছে। তিনি দাবি করেন, সরকারের পুলিশি নির্যাতনের পরও শনিবারের কর্মসূচি সফল হয়েছে। সংবাদ ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে দলের চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান বাবলু, বেলাল আহমেদ, মাহবুবুল হক নান্না, রফিক শিকদার, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক তকদির হোসেন মো. জসিম ও স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক আবদুর রহমান আল গনি উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/১৯২৫ ঘ.