ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠান নিয়ে ক্ষমতাসীন দলের অভিযোগের জবাবে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক বলেছেন, সরকার ওই অনুষ্ঠান বানচালের চেষ্টায় গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করেছে।
শনিবার এক মানববন্ধনে বিরোধী দলীয় প্রধান হুইপ ফারুক বলেন, “সরকারই গোয়েন্দা সংস্থা দিয়ে মুক্তিযোদ্ধা সমাবেশ পণ্ড করার ষড়যন্ত্র করেছিলো। এখন সরকারের মন্ত্রীরা উল্টো অভিযোগ করছেন, আমরা নাকি মুক্তিযোদ্ধা সমাবেশের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর পরিকল্পনা করেছি।”
“বিএনপির ওপর দোষ চাপানো যে সরকারের নীল নকশার অংশ- জনগণ আজ তা বুঝে গেছে”, যোগ করেন তিনি।
গত ১৮ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানের আসা কর্মীদের লাঠিপেটা করে বের করে দেয় পুলিশ। এরপর ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বিস্ফোরণ এবং কয়েকটি গাড়িতে আগুন ধরানোর ঘটনা ঘটে। ঢাকায় বিস্ফোরণে এক জন নিহত হয়। সিলেটে পুড়ে মারা যান এক বাসযাত্রী।
ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা বলছেন, বিশৃঙ্খলা সৃষ্টি করে রাজধানী অচল করে দিতে সেদিন ঢাকার বাইরে থেকে বিপুল সংখ্যক লোক জমায়েত করার পরিকল্পনা করেছিল বিএনপি।
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম শুক্রবার এক অনুষ্ঠানে দাবি করেন, বিএনপি ১৮ ডিসেম্বর কি করতে চেয়েছিল তার প্রমাণ সরকারের গোয়েন্দা সংস্থার কাছে আছে।
এর জবাবে জয়নুল আবদিন ফারুক বলেন, “বিরোধী দলের আন্দোলন দাবিয়ে রাখতে সরকারই এ ষড়যন্ত্র করেছে। এখন বিএনপির ওপর তারা দোষ চাপাতে চাইছে।”
বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় বিএনপির ৭ হাজার নেতা-কর্মীদের বিরুদ্ধে ইতোমধ্যে ১১টি মামলা করেছে পুলিশ। এসব মামলা প্রত্যাহারের নির্দেশ দিতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান ফারুক।
বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতেই যুব জাগপার (জাতীয় গণতান্ত্রিক পার্টি) ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সমানে এই মানববন্ধন হয়।
নতুন নির্বাচন কমিশন নিয়োগে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সংলাপের উদ্যোগ প্রসঙ্গে বিরোধী দলীয় হুইপ বলেন, “বিরোধী দলের ওপর নির্যাতন চলছে, গুপ্তহত্যা হচ্ছে, বিরোধী দল সংসদে কেন যাচ্ছে না- ইত্যাদি নিয়ে রাষ্ট্রপতি আমাদের সঙ্গে আলোচনা করতে পারতেন। কিন্তু তিনি তা করেননি।”
পুলিশ গত ২১ ডিসেম্বর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে রেখে গণমিছিলে বাধা দেয় উল্লেখ করে বিএনপির প্রচার সম্পাদক ফারুক বলেন, “কেন সরকার এমন করছে? আমি রাষ্ট্রপতির কাছে আবেদন রাখছি, এ বিষয়টি জানতে স্বরাষ্ট্র মন্ত্রীকে ডেকে পাঠান।”
অন্যদের মধ্যে জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমীন, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি শ্যামা ওবায়েদ এই মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৪৩৭ ঘ.
bdnews24