২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফখরুলের কী মতলব, প্রশ্ন হানিফের

রাষ্ট্রপতির সংলাপ নিয়ে বিএনপি নেতার বক্তব্যের পাল্টায় আওয়ামী লীগ নেতার এই কথা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2011, 06:54 PM

Updated : 24 Aug 2022, 05:26 PM

ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতির সংলাপ নিয়ে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বক্তব্য প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, “দলমত নির্বিশেষে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ নিয়েছেন রাষ্ট্রপতি। মির্জা ফখরুল এ নিয়ে বক্তব্য দিয়েছেন কোন মতলবে? তার ওই বক্তব্য প্রত্যাহারের অনুরোধ করছি।” নতুন নির্বাচন কমিশন গঠনে বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন রাষ্ট্রপতি। এই সংলাপে যোগ দেওয়ার বিষয়ে এখনো স্পষ্ট কিছু না জানানো বিএনপির নেতা ফখরুল বৃহস্পতিবার বলেন, “কী মতলবে রাষ্ট্রপতিকে দিয়ে এই সংলাপ করানো হচ্ছে, কেন রাষ্ট্রপতি এ উদ্যোগ নিয়েছেন, তা আমাদের কাছে বোধগম্য নয়।” ফখরুলের এই বক্তব্যের প্রসঙ্গ টেনে হানিফ বলেন, “রাষ্ট্রপতির উদ্যোগ নিয়ে তার বক্তব্যের নিন্দা ও ঘৃণা প্রকাশ করছি। আমি তাকে ধিক্কার জানাই। তিনি কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন।” অতীতের কোনো সরকারই নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেনি জানিয়ে রাষ্ট্রপতির এই উদ্যোগের প্রশংসা করেন আওয়ামী লীগ নেতা। বিএনপিতে যে সব মুক্তিযোদ্ধা আছেন তাদের দল থেকে বের হয়ে স্বাধীনতার পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান হানিফ। বাংলাদেশ আওয়ামী শিশু-যুব সাংস্কৃতিক জোট বিজয় দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, রামনা থানা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এম এ করীম প্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডাব্লিও/এমআই/০০৫১ ঘ.