২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি-জামায়াতের গ্রেপ্তার ১০৪

ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির মুক্তিযোদ্ধা সংবর্ধনা নিয়ে ঘটনার জেরে দশ জেলা থেকে বিএনপি ও জামায়াত-শিবিরের ১০৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2011, 02:53 PM

Updated : 24 Aug 2022, 05:25 PM

ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির মুক্তিযোদ্ধা সংবর্ধনা নিয়ে ঘটনার জেরে দশ জেলা থেকে বিএনপি ও জামায়াত-শিবিরের ১০৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত ও সোমবার এদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। এর মধ্যে রয়েছেন খুলনায় ২৬, বরগুনায় ১৫, পটুয়াখালীতে ১৫, পিরোজপুরে ১১, সিরাজগঞ্জে ১০, বরিশালে ৮, ফরিদপুরে ৯, ঝালকাঠীতে ৫, শেরপুরে ৩ এবং জামালপুরে ২ জন। ঝালকাঠীর ৫ জন জামিন পেয়েছেন। এছাড়া সরকারি কাজে বাধা ও ভাংচুরের ঘটনায় ফরিদপুরে ছাত্রদলের এক নেতাসহ দুইজনকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার সকালে ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপিকর্মীদের পুলিশ লাঠিপেটার পরপরই গাড়িতে আগুন দেওয়া হয়। কয়েকটি স্থানে বিস্ফোরণও হয়। মতিঝিলে বিস্ফোরণে মারা যান এক যুবক। এরপরই সিলেটের দক্ষিণ সুরমা এলাকার চণ্ডিপুল এলাকায় একটি বাসে আগুন দিলে এক যাত্রীর মৃত্যু হয়। এসব ঘটনার জের ধরেই পুলিশ এই গ্রেপ্তার অভিযানে নামে। বিভিন্ন জেলা থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর- খুলনা: বিএনপি, জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের ২৬ নেতাকর্মীকে পুলিশ রোববার গভীর রাতে জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান সদর থানার ওসি এস এম কামরুজ্জামান। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- জেলা কৃষক দলের সভাপতি নুরুল হুদা খান বাবু, জামায়াতে ইসলামী নগরের নায়েবে আমির মাস্টার শফিকুল আলম। বরগুনা: রোববার রাতে বরগুনার বিভিন্ন উপজেলা থেকে বিএনপির ১৫ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে রয়েছেন- সদর উপজেলা বিএনপি নেতা মজিবর রহমান মৃধা, বেলাল হোসেন, আমতলী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হায়াতুজ্জামান মিরাজ, যুবদল নেতা আজাদ মৃধা প্রমুখ। বরগুনা পুলিশ সুপার মো. মাহবুব হাকিম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে তাদের গ্রেপ্তার করা হয়। আটকদের কয়েকজন মামলার আসামি বলেও তিনি জানান। পটুয়াখালী: জেলায় বিএনপি ও জামায়াতের ১৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রয়েছেন- দুমকী উপজেলার জামায়াত সেক্রেটারি মাওলানা ফারুক ও অর্থ সম্পাদক মাওলানা হাবিবুর, বাউফল উপজেলা জামায়াতের আমির মো. ইসাহাক প্রমুখ। আটক কয়েকজনের বিরুদ্ধে মামলা রয়েছে বলেও জানান সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম। পিরোজপুর: পুলিশ ও র‌্যাব-৮ রোববার রাতে বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও জামায়াতের ১১ কর্মীকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে রয়েছেন সদর উপজেলায় ২, কাউখালীতে ১, মঠবাড়িয়ায় ৩, নাজিরপুরে ২ এবং জিয়ানগরে ৩ জন। সিরাজগঞ্জ: বাসে আগুন, ভাংচুর ও লুটপাটের মামলায় ১০ বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার শেষে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার সিরাজগঞ্জের জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম প্রদীপ কুমার রায় এ আদেশ দেন বলে জানান কোর্ট পরিদর্শক ইসমত আরা। তিনি জানান, বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মহাসড়কে ঝাঐল ওভার ব্রিজ এলাকা, সিরাজগঞ্জ শহর ও কামারখন্দ উপজেলাসহ বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বাস পোড়ানোর মামলায় তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি। বরিশাল: বরিশালের উজিরপুর, হিজলা ও বাকেরগঞ্জে ছাত্রদলের সভাপতিসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। এদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। রোববার গভীর রাতে তাদের গ্রেপ্তারের পর মামলা করে পুলিশ। এছাড়া বরিশাল নগরীতে দুইটি অটোরিকশায় আগুন ও দুইটি গাড়ি ভাংচুরের ঘটনায় মামলা করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। এই মামলায় ২০ জনকে আসামি করা হয়েছে। সদর, উজিরপুর, হিজলা ও বাকেরগঞ্জ থানার ওসি গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছেন। ঝালকাঠী: জেলা জামায়াতের সুরা সদস্য মজিবুর রহমান এবং ছাত্রদল ও বিএনপির চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার প্রথম প্রহরে কাঁঠালিয়া, রাজাপুর ও সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। কাঁঠালিয়া থানার উপ-পরিদর্শক হানিফ সিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তারকৃতরা সোমবার দুপুরে আদালত থেকে জামিন নিয়েছেন। শেরপুর: সোমবার ভোরে সদর ও শ্রীবরদী উপজেলা থেকে বিএনপি’র তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সদর থানায় সন্ত্রাস দমন আইনের ১০ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান থানার উপ-পরিদর্শক মো. শফিকুল ইসলাম শফিক। জামালপুর: শহরের শেখেরভিটা থেকে রোববার রাতে ইসলামী ছাত্রশিবিরের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সদর থানার ওসি মুজিবুর রহমান মজুমদার সাংবাদিকদের জানান, নাশকতা সৃষ্টির আশঙ্কায় তাদের গ্রেপ্তার করা হয়। তারা সরকারি আশেক মাহমুদ কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। ফরিদপুর: সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর বল প্রয়োগের দায়ে ভ্রাম্যমাণ আদালত সোমবার বিকালে ফরিদপুরে জেলা ছাত্রদলের সহ-সভাপতিসহ অপর দুইজনকে সাজা দিয়েছে। জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরিয়ার মতিন জানান, ভ্রাম্যমাণ আদালত জেলা ছাত্রদলের সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেনকে (৩০) দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে। এছাড়া শুকুর আলী (২০) ও সুমন দত্ত (২১) নামের অপর দুই যুবকের প্রত্যেককে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রোববার শহরে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৯ জনকে পুলিশ গ্রেপ্তার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/এমএইচপি/সিএস/ডিডি/২০৪৮ ঘ.