ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযোদ্ধা সমাবেশকে কেন্দ্র করে নেতা-কর্মীদের ‘গ্রেপ্তার, নির্যাতন, হত্যা ও বোমাবাজির’ প্রতিবাদে সোমবার ঢাকাসহ বিভাগীয় ও জেলা শহরগুলোতে বিক্ষোভ করবে বিএনপি।
দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকালে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সমানে থেকে বিক্ষোভ মিছিল বের করবে বিএনপি নেতাকর্মীরা।
“সরকারের নির্যাতনের প্রতিবাদে বিভাগীয় সদরে এবং জেলা শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হবে। ঢাকায় বিকাল সাড়ে ৩টায় বিক্ষোভ মিছিল হবে”, বলেন রিজভী।
বিজয় দিবসের কর্মসূচির অংশ হিসেবে সোমবার নয়া পল্টন থেকে বিএনপির বিজয় শোভাযাত্রা বের করার কথা ছিলো। কিন্তু রোববার বিএনপির অনুষ্ঠানে পুলিশের লাঠিপেটা, বিক্ষিপ্ত বিস্ফোরণ এবং গাড়ি পোড়ানোর ঘটনার পর বিজয় শোভাযাত্রার পরিবর্তে বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত নেয় দলটি।
রোববার রাতে দলের চেয়ারপার্সন খালেদা জিয়া জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করে এই কর্মসূচি চূড়ান্ত করেন।
বিএনপির মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য নেতাকর্মীরা রোববার সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে জড়ো হলে পুলিশ তাদের লাঠিপেটা করে বের করে দেয়। এর পরপরই ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বিস্ফোরণ এবং কয়েকটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
ঢাকায় বিস্ফোরণে এক জন নিহত হয়। সিলেটেও বাসে আগুন দেওয়ার ঘটনায় পুড়ে মারা যায় একজন।
এসব ঘটনার জন্য সরাসরি বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে দায়ী করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। অন্যদিকে বিএনপির দাবি, সমাবেশ বানচাল করতে সরকার পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১২০০ ঘ.
bdnews24