ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের বিএনপি নেতা নাজমুল ইসলাম ‘অপহরণের’ পর নিহত হওয়ার ঘটনাকে ‘গুপ্তহত্যা’ উল্লেখ করে এর জন্য সরকারকে দায়ী করেছে প্রধান বিরোধী দল।
বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই- সরকার পাইকারিহারে গুপ্তহত্যা চালাচ্ছে। বিরোধী দল তথা বিএনপির নেতা-কর্মীরাই এর শিকার হচ্ছেন।”
“এর উদ্দেশ্য একটাই, যাতে সরকারের সব অপকর্মের বিরুদ্ধে প্রতিরোধ কিংবা প্রতিবাদ না হয়”, যোগ করেন ফখরুল।
নাজমুল হত্যার প্রতিবাদে আগামী শনিবার যশোরে সকাল-সন্ধ্যা হরতালে কেন্দ্রীয়ভাবে দলের সমর্থনের কথাও জানান তিনি।
বুধবার রাতে ঢাকার মিরপুরে এক আত্মীয়র বিয়ের অনুষ্ঠান শেষে ধানমন্ডিতে নিজের বাসায় ফেরার সময় নিখোঁজ হন যশোরের ঝিকরগাছা থানা বিএনপির সভাপতি নাজমুল। বৃহস্পতিবার সকালে ঢাকা-মংমনসিংহ মহাসড়কের পাশে তার লাশ পাওয়া যায়।
নাজমুলকে অপহরণের অভিযোগে রাতেই মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন যশোরের আরেক বিএনপি নেতা।
পুলিশ বলছে, চোখে মলম দিয়ে এবং শ্বাসরোধ করে নাজমুলকে হত্যা করার আলামত পাওয়া গেছে।
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল পত্রিকায় প্রকাশিত তথ্যের বরাত দিয়ে বলেন, “গত ১২ ঘণ্টায় দেশে চারটি লাশ পাওয়া গেছে। অর্থাৎ প্রতি ৩ ঘণ্টায় একজন করে গুপ্তহত্যার শিকার হচ্ছে।”
স¤প্রতি আইন-শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে র্যাবের পরিচয়ে ধরে নিয়ে যাওয়ার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে, যাদের লাশ পরে ‘উদ্ধার’ করা হয়েছে বিভিন্ন স্থান থেকে।
গত মঙ্গলবারও মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদী থেকে তিনটি লাশ উদ্ধার করা হয়, যাদের গুলি চালিয়ে হত্যার পর বস্তায় ভরে নদীতে ডুবিয়ে দেওয়া হয়েছিল বলে পুলিশের ধারণা।
কয়েকদিন আগে ধলেশ্বরী নদী থেকে আরো তিনটি লাশ উদ্ধার করা হয়েছিলো, যার একটি ছিলো ঢাকার ৫০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি ইসমাইল হোসেনের। ছাত্রদলের অভিযোগ, ইসমাইলসহ সংগঠনের তিন নেতা-কর্মীকে গত ২৮ নভেম্বর আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা হাতিরপুল থেকে তুলে নিয়ে যায়।
এ ধরনের হত্যাকাণ্ড বেড়ে যাওয়ায় বিভিন্ন মানবাধিকার সংগঠন উদ্বেগ প্রকাশ করে আসছে। এ ‘রহস্য’ ভেদ করতে সরকারের প্রতি তাগিদ দিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানও।
এ বিষয়ে বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলন, তিনি ‘গুপ্তহত্যার’ বিষয়টি জানতে পেরেছেন পত্রিকা পড়ে। এর বাইরে কারো কাছে কোনো তথ্য থাকলে তা জানাতেও অনুরোধ করেন তিনি।
বর্তমান পরিস্থিতিকে ১৯৭২-৭৫ সালের সঙ্গে তুলনা করে ফখরুল বলেন, “ওই সময়ে রক্ষীবাহিনী, লালবাহিনী গঠন করে সরকার বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। বর্তমান পরিস্থিতি আরও ভয়াবহ মাত্রায় পৌঁছেছে।”
অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, সাবেক সাংসদ সৈয়দ মেহেদি আহমেদ রুমী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
“আগেও বলেছি, এখনো দৃঢ়তার সঙ্গে বলছি- গুম ও হত্যার সঙ্গে সরকার জড়িত”, বলেন তিনি।
নাজমুলের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, এ সরকারের হাতে আইনের শাসন কখনো সুরক্ষিত থাকেনি। তারা আইনের শাসনের বদলে নিষ্ঠুর দলীয় শাসন জারি রেখেছে।
এ জন্য সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ার করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৫৪৫ ঘ.
bdnews24