২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইমাম প্রশিক্ষণের বক্তব্য বিকৃত করা হচ্ছে’

ইমাম প্রশিক্ষণ সভায় দেওয়া বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে বলে দাবি করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2011, 04:23 PM

Updated : 24 Aug 2022, 05:23 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইমাম প্রশিক্ষণ সভায় দেওয়া বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে বলে দাবি করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। বুধবার এক বিবৃতিতে তিনি বলেছেন, স¤প্রতি ইসলামিক ফাউন্ডেশনে ইমাম প্রশিক্ষণ সভায় দেয়া বক্তব্যকে ভুল ও বিকৃত ব্যাখ্যা করছে বিভিন্ন সংগঠন। বিবৃতিতে কামরুল বলেন, “যারা ইসলাম ধর্মের অপব্যাখ্যা করে ও ফ্যাতনা-ফ্যাসাদ সৃষ্টি করে তারাই প্রকৃতপক্ষে মুরতাদ। এসব মুরতাদের ব্যাপারে জাতিকে সতর্ক থাকতে হবে।” মঙ্গলবার এক সম্মেলনে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমীর ফজলুল হক আমিনী আইন ও ধর্ম প্রতিমন্ত্রী এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককে ‘মুরতাদ’ অভিহিত করেন। এর একদিন পর আইন প্রতিমন্ত্রী এ বিবৃতি দিলেন। প্রতিমন্ত্রী বলেন, “ইমাম প্রশিক্ষণ সভায় আমি বলেছিলাম, জোর করে কারো উপর ইসলাম চাপিয়ে না দেওয়ার ব্যাপারে রাসুলের (সাঃ) নির্দেশনা রয়েছে। অন্য ধর্মাবলম্বীদের বিসমিল্লাহ বলতে হবে এমন চাপ সৃষ্টির কথা ইসলাম বলেনি। এ কারণেই আমরা সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রহিম’-এর সঙ্গে ‘পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে’ শব্দগুলো যোগ করেছি।” “সংবিধানে সংযোজন করা হয়েছে ‘প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, তবে হিন্দু, বৌদ্ধ, খৃস্টানসহ অন্যান্য ধর্মপালনে রাষ্ট্র সমমর্যাদা ও সমঅধিকার নিশ্চিত করবে’। রাসুলুল্লাহ ও ইসলামের পরধর্মের প্রতি সহিষ্ণুতার নির্দেশনার আলোকেই সংবিধানে এসব বিষয় সংযোজিত হয়েছে,” যোগ করেন কামরুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/পিডি/২২১৮