ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে সাক্ষী পিরোজপুরের মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম হাওলাদারকে জেরা অব্যাহত রেখেছে দেলাওয়ার হোসাইন সাঈদীর আইনজীবীরা।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত দুদিনের মতো মঙ্গলবারও মাহবুবকে জেরা করেন সাঈদীর আইনজীবী মিজানুল ইসলাম। দুপুরের পর সাক্ষীকে জেরা শুরু করেন সাঈদীর অন্য আইনজীবী মোহাম্মদ কফিল উদ্দিন চৌধুরী।
কফিলের জেরার এক পর্যায়ে আদালত মুলতবি হয়। ৬০ বছর বয়সি মুক্তিযোদ্ধা মাহবুবকে বুধবার আবার জেরার মুখোমুখি হতে হবে। মানবতাবিরোধী অপরাধের ২০টি সুনির্দিষ্ট অভিযোগে অভিযুক্ত জামায়াত নেতা সাঈদীর বিরুদ্ধে তিনিই প্রথম সাক্ষী।
জেরাতে সাঈদীর আইনজীবীরা বারবারই সাক্ষী হিসেবে মুক্তিযোদ্ধা মাহবুবকে প্রশ্নবিদ্ধ করেছেন। তারা প্রশ্ন তুলেছেন তার শিক্ষাগত যোগ্যতা নিয়েও।
তার বিয়ে বিচ্ছেদের ঘটনা তুলে ধরে সাক্ষী হিসেবে মাহবুবের বক্তব্যের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলে সাঈদীর আইনজীবীরা।
তবে ব্যক্তিগত এসব বিষয় এ আদালতে টেনে না আনতে আসামি পক্ষের আইনজীবীদের মানা করেন ট্রাইব্যুনালের বিচারকরা।
যৌতুকের দাবিতে মাহবুবের বিরুদ্ধে একটি মামলা রয়েছে জানিয়ে আসামি পক্ষের আইনজীবীরা বলেন, যিনি বিয়ের জন্য অর্থ দাবি করতে পারেন, তিনি অর্থের জন্য মিথ্যা সাক্ষ্যও দিতে পারেন।
তবে মাহবুব আদালতে বলেন, তিনি একটি মিথ্যা মামলার শিকার।
দুপুরে বিরতির আগে তিন সদস্যবিশিষ্ট বিচারক প্যানেলের সদস্য একেএম জহির আহমেদ বিচারক হিসেবে তার পেশাগত জীবনের শুরুর দিকে একজন জ্যেষ্ঠ আইনজীবীর অভিজ্ঞতা নিয়ে একটি গল্প বলার মাধ্যমে আদালত মুলতবি করেন।
বিচারক জহির বলেন, “ওই জ্যেষ্ঠ আইনজীবীর জেরা থেকে কোনো তথ্য উদ্ঘাটিত হচ্ছিলো না দেখে তাকে জিজ্ঞেস করা হলো, লার্নেড অ্যাডভোকেট আপনি জায়গায় আসবেন কখন? তিনি উত্তর দিলেন, ‘এই তো আসছি স্যার।’ এক ঘণ্টা পর তাকে আবার জিজ্ঞেস করা হলো। তিনি বললেন, ‘এই তো আসছি স্যার’।”
এরপর তিনি সাঈদীর আইনজীবী মিজানুল ইসলামকে বলেন, “একইভাবে আপনাকেও জিজ্ঞেস করতে হয়, আপনি জায়গায় আসবেন কখন?”
এর উত্তরে মিজানুল বলেন, “আমার এক সিনিয়র ছিলেন। উনি বলতেন, মাই লর্ড খালাস দিয়ে দিলে প্রশ্নই করবো না।”
মিজানুল ইসলাম কয়েক ঘণ্টা ধরে জেরা করার পর এ চুটকি শোনান জহির আহমেদ।
যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার জামায়াত ও বিএনপি নেতাদের মধ্যে সবার আগে সাঈদীর বিচার শুরু হয়েছে।
মুক্তিযুদ্ধের সময় পিরোজপুরে হত্যা, লুণ্ঠন, নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা একটি মামলায় ২০১০ সালের ২৯ জুন সাবেক সংসদ সদস্য সাঈদীকে গ্রেপ্তার করা হয়। চলতি বছর ১৪ই জুলাই তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।
গত ৪ সেপ্টেম্বর সাঈদীর বিরুদ্ধে ৩১টি অভিযোগ জমা দেওয়া হয় ট্রাইব্যুনালে। এর মধ্যে থেকে ২০টি সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে তার বিরুদ্ধে ৩ অক্টোবর অভিযোগ গঠন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/কিউএইচ/এমআই/২০১৩ ঘ.
bdnews24