ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যোগাযোগমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর সড়ক ভবনে গিয়ে ব্যাপক সংবর্ধনা পেয়ে বিব্রত ওবায়দুল কাদের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দলীয় মনোভাবের ঊর্ধ্বে উঠে কাজ করার পরামর্শ দিলেন।
“আমার চেয়ে বড় আওয়ামী লীগার হবেন না। দল করবেন, কিন্তু দলবাজি করবেন না,” বলেন তিনি।
রোববার দুপুর ১২টায় সড়ক ভবনে যান গত সপ্তাহে মন্ত্রীর দায়িত্ব নেওয়া ওবায়দুল কাদের। ঢোকার সঙ্গে সঙ্গে দলীয় স্লোগান আর গোলাপ ফুলের পাপড়িতে ঢেকে যায় তার গাড়ি।
কর্মকর্তা-কর্মচারীরা জানান, সকাল ১১টা থেকেই সড়ক ভবনের মূল ফটক থেকে ভবন পর্যন্ত কয়েক শত কর্মচারী মন্ত্রীর সংবর্ধনায় দাঁড়িয়ে ছিলেন।
মন্ত্রী ঢোকার পর সড়ক জনপথ শ্রমিক ইউনিয়ন, জাতীয় শ্রমিক লীগ, ওয়ার্কশপ এমপ্লয়িজ ইউনিয়ন, ডিপ্লোমা প্রকৌশলী সমিতি, ড্রাইভার সমিতি, ঢাকা সড়ক বিভাগ শ্রমিক লীগ, কর্মচারী ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের নেতারা ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাতে থাকেন তাকে।
এরপর বক্তৃতা দিতে দাঁড়িয়ে কাদের বলেন, “আপনাদের কাছে ফুল বা সংবর্ধনা নিতে আসিনি, কোনো ধান্ধা নিয়ে আসিনি, এখানে কাজ করতে এসেছি, পরিচিত হতে এসেছি, দিকনির্দেশনামূলক কথা বলতে এসেছি।”
“আমি এখানে সরকারের মন্ত্রী হিসেবে এসেছি, আওয়ামী লীগের নেতা হয়ে আসিনি, দলের সঙ্গে সরকারকে মেলাবেন না। যারা আমার দল করেন, প্রয়োজনে আমার বাসায় দেখা করবেন,” বলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য।
তিনি বলেন, “সময় কম, মাত্র দেড় বছর। তাই কম কথা দিয়ে সব কাজ করে তা রক্ষা করতে চাই।”
নতুন সড়ক নির্মাণ না করে পুরনো সড়ক সংরক্ষণ এবং মেরামতেই গুরুত্ব দেওয়া হবে বলে মন্ত্রী জানান।
কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, “গরিব মানুষের ট্যাক্সের টাকা আত্মসাত করবেন না, ব্যক্তিগত সমস্যা থাকলে প্রয়োজনে বৈধভাবে সহায়তা দেওয়া হবে।”
“আমাকে নিয়ে অনেক প্রত্যাশা, আমাকে ব্যর্থ হতে দেবেন না,” কর্মকর্তা-কর্মচারী সহযোহিতা চেয়ে বলেন মন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৭১৭ ঘ.
bdnews24