চট্টগ্রাম, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুবদলের দুই পক্ষের সংঘর্ষের কারণে চট্টগ্রামে আপাতত কোনো ধরনের কর্মসূচি পালন না করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
মঙ্গলবার বিকালের সংঘর্ষের পর রাতেই এ সিদ্ধান্ত ঢাকা থেকে চট্টগ্রামের নেতাদের জানিয়ে দেওয়া হয়।
বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দলীয় কোনো কর্মসূচিতে বিশৃঙ্খলা এড়াতেই এ সিদ্ধান্ত।
চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “দলীয় সভা-সমাবেশ না করার জন্য কেন্দ্র থেকে বলা হয়েছে। তবে বিষয়টি সাময়িক।”
কেন্দ্রের সিদ্ধান্তের কারণে বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলোর সভা-সমাবেশ-মিছিলসহ অন্যান্য কর্মসূচি চট্টগ্রামে আপাতত বন্ধ থাকবে।
মঙ্গলবার বিকালে নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে যুবদল আয়োজিত স্বৈরাচার পতন দিবসের সমাবেশে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ২৫ জন আহত হয়।
নগর বিএনপির সভাপতি আমীর খসরু ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনসহ জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতেই এ সংঘাত হয়।
জানুয়ারিতে খালেদা জিয়ার চট্টগ্রামমুখে রোড মার্চ হওয়ার কথা রয়েছে। তার আগেই যুবদলের খসরু ও শাহাদাতের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসএম/এমআই/১৫৩৩ ঘ.
bdnews24