২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেন চলবে সময় ধরে: সুরঞ্জিত

সময় ধরে ট্রেন চালানোর ব্যবস্থা এবং ই-টিকিট চালুর মাধ্যমে রেলকে জনপ্রিয় করে রেল খাতকে লাভজনক করার অঙ্গীকার করেছেন নতুন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2011, 01:24 PM

Updated : 24 Aug 2022, 05:19 PM

ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সময় ধরে ট্রেন চালানোর ব্যবস্থা এবং ই-টিকিট চালুর মাধ্যমে রেলকে জনপ্রিয় করে রেল খাতকে লাভজনক করার অঙ্গীকার করেছেন নতুন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। নবগঠিত রেল মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে তিনি বলেছেন, “সারা পৃথিবীতে রেলওয়ে লাভজনক, আর বাংলাদেশে তা লোকসানে রয়েছে। কোন অন্ধকার ঘরে এ কালো বিড়ালটি বাস করে, তা দেখতে চাই।” স্বাধীনতার পর অধিকাংশ সংসদে প্রতিনিধিত্বকারী সুরঞ্জিত এই প্রথম মন্ত্রী হলেন। শপথের ছয় দিন পর সোমবারই দপ্তর পেলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য। সুরঞ্জিত বিকালে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের বলেন, রেল যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়নের পাশাপাশি সময় মতো ট্রেন চলাচল, ট্রেনে পরিচ্ছন্নতা, আন্তঃনগর ট্রেন জনপ্রিয় করা ও ই-টিকেট চালুর বিষয়ে অগ্রাধিকার দেবেন তিনি। “সময় মতো ট্রেন চলাচলের ব্যবস্থা করলে এটা (রেল) অত্যন্ত আকর্ষণীয় ও জনপ্রিয় হবে। ই-টিকিট চালু হলে লাইনে দাঁড়ানো ও টিকিট দেওয়া নিয়ে দুর্ভোগ অনেকাংশে কমে যাবে। আর এ জন্য বড় ফান্ড লাগে না,” বলেন নতুন মন্ত্রী। রেলের অপদলখলীয় জমি উদ্ধারে বিশেষ আইনি ব্যবস্থা এবং আন্তঃদেশীয় যোগাযোগের সুবিধার জন্য রেলপথ স¤প্রসারণে উদ্যোগ নেওয়ার কথাও বলেন তিনি। মন্ত্রিসভায় রদবদলের প্রশংসা করে সুরঞ্জিত বলেন, গণতান্ত্রিক দেশের মানুষের প্রতিক্রিয়া সরকারকে স্পর্শ করে বলেই এ রদবদল। “চমক যদি পেয়েই থাকেন, আপনারা অপেক্ষা করেন। যে রদবদল হয়েছে, তা একটা সিগন্যাল। আরো তো হতে পারে। তা প্রধানমন্ত্রীর এখতিয়ার,” বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৯১৩ ঘ.