শামীম আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মন্ত্রিসভায় রদবদলে দপ্তর হারানোর পর যোগাযোগ মন্ত্রণালয়ের সব কটি বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের কাছ থেকে বিদায় নিয়েছেন বহুল আলোচিত-সমালোচিত মন্ত্রী সৈয়দ আবুল হোসেন।
আওয়ামী লীগের এ নেতাকে যোগাযোগ মন্ত্রণালয় থেকে সরিয়ে নবগঠিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব সোমবারই দেওয়া হয়েছে। নতুন মন্ত্রী ওবায়দুল কাদের পেয়েছেন যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব।
আবুল হোসেন সকাল ৮টায় সচিবালয়ে আসার কিছু সময় পরই যান রেলভবনে। সেখানে কর্মকর্তাদের সঙ্গে বিদায়পর্ব সেরে যান সড়ক ভবনে।
সড়ক ভবন থেকে আবুল হোসেন যান মহাখালীতে সেতু বিভাগে। তারপর ফেরেন মন্ত্রণালয়ে, যোগ দেন একটি সভায়।
রেলপথ নামে আলাদা মন্ত্রণালয় হওয়ায় এখন সড়ক ও সেতু বিভাগ নিয়ে কাজ করবে যোগাযোগ মন্ত্রণালয়।
অন্যদিকে আবুল হোসেনের নতুন কর্মস্থল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় গঠন করা হয়েছে বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় ভেঙে।
সেতু বিভাগ থেকে ফিরে দুপুর পৌনে ১২টার দিকে দপ্তরে যাওয়ার সময় আবুল হোসেন মনভার অবস্থায় দেখা যায়। সদা হাস্যময় আবুল হোসেনের মনভার দেখা গেছে। খুব বেশি কথাও বলছিলেন না তিনি।
নতুন মন্ত্রণালয়ে কবে যোগ দিচ্ছেন- জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেখি কবে দিই।”
এ বছরের মাঝামাঝিতে কয়েকটি সড়ক দুর্ঘটনার পর বেহাল মহাসড়ক ব্যাপক সমালোচনা ওঠে আবুল হোসেনকে নিয়ে। সংসদে নিজ দলের সদস্যরাই তার বিরুদ্ধে মুখ খোলেন।
এরপর দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন স্থগিত করলে নতুন করে সমালোচনার মুখে পড়েন আবুল হোসেন।
বিরোধী দল অভিযোগ করে আসছে, পদ্মা সেতুতে দুর্নীতি করেছেন আবুল হোসেন। তবে আবুল হোসেন তার বিরুদ্ধে ওঠা অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করে আসছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১২১৮ ঘ.
bdnews24