শাহজালাল বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত করেছে ছাত্রলীগ।
তবে মামলা প্রত্যাহার ও দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা দেওয়া হয়।
রোববার বেলা ১১টার দিকে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক আতিকুর রহমান এ ঘোষণা দেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাধারণ শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ছাত্রলীগ ধর্মঘট স্থগিত করেছে। তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ছাত্রলীগের আন্দোলন চলবে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় অডিটরিয়াম নির্মাণের দায়িত্বে থাকা ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি এবং প্রতিষ্ঠানের এক প্রকৌশলীকে মারধরের অভিযোগে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার পাঁচ নেতার বিরুদ্ধে জালালাবাদ থানায় মামলা দায়ের করেন প্রতিষ্ঠানটির মালিক হাবিব মালিথা।
সকাল ৭টার দিকে ছাত্রলীগ নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে প্রধান ফটক, গোলচত্বর ও একাডেমিক ভবন ‘এ’ এর সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এসময় ধর্মঘটের সমর্থনে বেশ কয়েকটি মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
বিশ্ববিদ্যালয় থেকে শহরে কোনো বাস চলাচল করেনি। ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম। কোনো ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হয়নি, তবে প্রশাসনিক কার্যক্রম চলেছে।
বিশ্ববিদ্যালয় প্রক্টর হিমাদ্রি শেখর রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যেহেতু ছাত্ররা ধর্মঘট স্থগিত করেছে তাই পরবর্তীতে আলোচনা করে তাদের দাবির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
ছাত্রলীগের তিনদফা দাবি হলো ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, ঠিকাদারী প্রতিষ্ঠানকে নির্মাণ কাজ থেকে প্রত্যাহার এবং নির্মাণ কাজে অনিয়মের জন্য বিশ্ববিদ্যালয় প্রকৌশল অধিদপ্তরের সাময়িক বহি®কৃত এক প্রকৌশলীকে স্থায়ী বহিষ্কার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৪২ ঘ.
bdnews24