২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে: রিজভী

দলের নেতা-কর্মীদের মধ্যে ‘ত্রাস’ সৃষ্টির জন্য বিএনপির ডাকা রোববারের হরতালের আগের দিন সরকার এ ঘটনা ঘটাচ্ছে বলে দাবি দলটির যুগ্ম মহাসচিবের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2011, 01:05 PM

Updated : 24 Aug 2022, 05:18 PM

ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোববারের হরতালকে কেন্দ্র করে রাজধানীতে শতাধিক নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে দাবি করেছে বিএনপি। দলের যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী শনিবার সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন। “প্রচারপত্র বিলির সময় রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশের লাঠিপেটায় ৫০ জনের বেশি নেতা-কর্মী আহত হয়েছে”, যোগ করেন তিনি। “হরতালে ত্রাস সৃষ্টির জন্য সরকার ও তার প্রশাসন নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে” দাবি করে রিজভী বলেন, “বাসায়-বাসায় গিয়ে হুমকি ও তল্লাশি চালিয়ে ভয়ভীতি প্রদর্শন করছে।” ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগ করার প্রতিবাদে রোববার রাজধানীতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, “স্থানীয় ওয়ার্ড কাউন্সেলার মেহেরুন্নেসা, মিলি জাকারিয়া, আক্কেল আলী, সূত্রাপুর থানা সাধারণ সম্পাদক পাভেল শিকদার, আজিজুল মাকসুদ টিটু, আবদুস সালাম জহির, ফজলুল হক মানিক, স্বেচ্ছাসেবক দল সুরজ মিয়াসহ ৮৫ জন গ্রেপ্তার হয়েছে।” হরতালের প্রচারপত্র বিলির সময়ে শনিবার বিকালে মিরপুর ১০ নম্বরে দলের স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়ার সঙ্গে পুলিশ ‘অশোভন’ আচরণ করেছে দাবি করে এর নিন্দা জানান রিজভী। হরতালের আগের দিন শনিবার বিকাল থেকে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের অবস্থানেরও নিন্দা জানান তিনি। রিজভী বলেন, “যুবদলের কার্যালয়ের অফিস কর্মীকে বিকালে পুলিশ গ্রেপ্তার করেছে। সে বাজার সদাই করে অফিসে ফিরছিল। এভাবে পুলিশ কার্যালয়কে অবরুদ্ধ করে ফেলেছে।’’ ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) ভাগে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন সংশোধন বিল বিএনপির প্রবল আপত্তির মধ্যেই গত ২৯ নভেম্বর সংসদে পাস হয়। এর পরদিন রাজধানীতে রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডাকে বিএনপি। রাষ্ট্রপতির স্বাক্ষরের মধ্য দিয়ে বিলটি ইতোমধ্যে আইনে পরিণত হয়েছে। এই আইনের মাধ্যমে আগের ডিসিসির স্থলে ‘ঢাকা উত্তর’ ও ‘ঢাকা দক্ষিণ’ নামে দুটি সিটি কর্পোরেশন হবে। প্রশাসক নিয়োগ করে ৯০ দিনের মধ্যে দুই সিটি কর্পোরেশনে নির্বাচন দেওয়া হবে। ডিসিসি ভাগের সিদ্ধান্ত বাতিল না হলে হরতালের পর লাগাতার আন্দোলনেরও হুমকি দিয়েছে বিএনপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৮৫৭ ঘ.