ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদের পাঁচটি সংরক্ষিত নারী আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত পাঁচ প্রার্থীর সবার মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সংবিধান অনুযায়ী এই পাঁচটি আসন ক্ষমতাসীন দল পাচ্ছে বলে তাদের সংসদ সদস্য হওয়াও একপ্রকার নিশ্চিত।
বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৭ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। যেহেতু আসন ও প্রার্থীর সংখ্যা সমান, সেহেতু ৮ ডিসেম্বর তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হবে।”
ঘোষিত তফসিলে ২৬ ডিসেম্বর ভোটগ্রহণের তারিখ রাখা হলেও তার আর প্রয়োজন পড়বে না বলে উল্লেখ করেন তিনি।
আওয়ামী লীগ মনোনীত এই পাঁচ প্রার্থী হলেন- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সোশ্যাল অ্যাফেয়ার্স এডিটর এ এন মাহফুজা খাতুন বেবী মওদুদ, আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন নেসা ইন্দিরা, মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পিনু খান, মহিলা আওয়ামী লীগ চট্টগ্রাম শাখার নেত্রী হাসিনা মান্নান এবং সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পী।
গত বুধবার নির্বাচন কমিশনে গিয়ে মনোনয়নপত্র জমা দেন তারা।
সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা ৪৫ থেকে বাড়িয়ে ৫০ করা হয়। গত জাতীয় নির্বাচনে প্রাপ্ত ভোটের হিসাব করে নির্বাচন কমিশন আগেই জানিয়ে দিয়েছিল যে, এই ৫ আসনই পাবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
এরপর গত শনিবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠকে পাঁচ আসনের জন্য পাঁচজনের নাম চূড়ান্ত করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১৬০৯ ঘ.
bdnews24