নারায়ণগঞ্জ, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রথম মেয়র হিসেবে বৃহস্পতিবার দায়িত্ব নিচ্ছেন সেলিনা হায়াত আইভী।
মেয়রের দায়িত্ব গ্রহণ উপলক্ষে নগর ভবনে সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ. বি. এম. আমিনুলল্লাহ নূরী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নগর ভবনে এলে মেয়রকে প্রশাসক, কর্মকর্তা, কর্মচারী ও কাউন্সিলররা ফুল দিয়ে বরণ করবেন।
অনুষ্ঠানের জন্য নগর ভবনের ভেতর একটি ছোট্ট মঞ্চ করা হয়েছে। কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। পরে প্রশাসক মোহাম্মদ শাহ কামাল ও মেয়র আইভী সংক্ষিপ্ত বক্তব্য দেবেন।
গত ২৭ জুন পৌর মেয়র হিসেবে আইভীর দায়িত্ব ছাড়ার পর থেকে এই পর্যন্ত আয়-ব্যয়ের হিসাবও প্রস্তুত রাখা হয়েছে। যে কেউ জানতে চাইলে দেওয়া হবে বলে জানান আমিনুল্লাহ নূরী।
গত ৩০ অক্টোবরের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামীম ওসমানকে এক লাখের বেশি ভোটের ব্যবধানে পরাজিত করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগ নেত্রী আইভী। তিনি দেশের প্রথম নারী মেয়র।
চারদলীয় জোট সরকারের আমলে ২০০৩ সালের ১৬ ফেব্র“য়ারি অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সেলিনা হায়াত আইভী নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হন। এর আগে সীমানা সংক্রান্ত জটিলতার কারণে একটানা ১৮ বছর নারায়ণগঞ্জ পৌরসভায় নির্বাচন হয়নি। সরকার মনোনীত প্রশাসকরা পৌরসভা চালিয়েছেন।
আইভী একটানা আট বছর মেয়র হিসেবে দায়িত্ব পালন শেষে গত ২৭ জুন প্রশাসক মোহাম্মদ শাহ্ কামালের কাছে দায়িত্ব বুঝিয়ে দেন।
গত ৫ মে নারায়ণগঞ্জ পৌরসভা, কদম রসুল পৌরসভা ও সিদ্ধিরগঞ্জ পৌরসভাকে বিলুপ্ত করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠনের গেজেট প্রকাশিত হয়।
২৩ জুন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন-১ সিনিয়র সহকারী সচিব কে. এফ. এম জেসমীন আখতার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোহাম্মদ শাহ কামালকে অতিক্তি দায়িত্ব হিসেবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়া হয়।
শহরের নিতাইগঞ্জ এলাকার মণ্ডলপাড়ায় পুরানো পৌরসভা ভবনকেই সংস্কার করে নগর ভবন হিসেবে ব্যবহার করা হবে।
ডা. সেলিনা হায়াত আইভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিজয়ের মাসের প্রথম দিনকেই দায়িত্ব গ্রহণের দিন হিসেবে বেছে নিয়েছি। আমার নিজের কোনো আনুষ্ঠানিকতা নেই। সকাল ১০টার পরে বাসা থেকে পায়ে হেঁটেই নগর ভবনে যাব।”
৩৭ বছর আগে আইভীর বাবা আলী আহাম্মেদ চুনকাও তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থন ছাড়াই স্বাধীন বাংলাদেশে নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন।
আইভীর প্রধান নির্বাচনী সমন্বয়কারী শহর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন জানান, মেয়রকে তার বাসা থেকে নগর ভবনে পৌঁছে দিতে আওয়ামী লীগ, খেলাঘরসহ সুশীল সমাজের লোকজনও যোগ দেবেন।
জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মাঈনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিটি মেয়রের প্রটোকল সংক্রান্ত আনুষ্ঠানিক চিঠি সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এখনো জেলা পুলিশের কাছে পৌঁছেনি।
তবে জেলা পুলিশের নিজস্ব উদ্যোগে ইতোমধ্যে সিটি মেয়রের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। তার বাসায় নিরাপত্তা প্রহরী, বাসার বাইরে চলাচলের সময় সাদা পোশাকে গানম্যান ছাড়াও পুলিশ রয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০০০ ঘ.
bdnews24