২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসামি সাকা আইনজীবীও

যুদ্ধাপরাধ আদালতে নিজের পক্ষে বক্তব্য তুলে ধরবেন সালাউদ্দিন কাদের চৌধুরী নিজেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2011, 11:57 AM

Updated : 24 Aug 2022, 05:00 PM

ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধ আদালতে নিজের পক্ষে বক্তব্য তুলে ধরবেন সালাউদ্দিন কাদের চৌধুরী নিজেই। কয়েকদিন ধরে এ নিয়ে বিএনপি নেতার নাটকীয় আচরণের পর বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার আবেদন মঞ্জুর করেছে। তবে সংসদ অধিবেশনে যোগ দেওয়ার বিষয়ে চট্টগ্রামের এই সংসদ সদস্যের আবেদন নাকচ হয়েছে। ট্রাইব্যুনাল বলেছে, এ বিষয়ে কোনো আদেশ দেওয়ার এখতিয়ার এ আদালতের নেই। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বৈধতা চ্যালেঞ্জ করে সালাউদ্দিন কাদের যে আবেদন করেছেন, তার বিষয়ে আগামী ৫ ডিসেম্বর আদেশ হবে। এছাড়া তার অনুপস্থিতিতে যুদ্ধাপরাধের অভিযোগ আমলে নেওয়ায় এ প্রক্রিয়া স্থগিতের জন্য সালাউদ্দিন যে আবেদন করেছেন, সে বিষয়েও ৫ ডিসেম্বর আদেশ দেবে ট্রাইব্যুনাল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিনের উপস্থিতিতেই তার চারটি আবেদনের শুনানি বুধবার পুরনো হাইকোর্ট ভবনে হয়। শুনানিতে ট্রাইব্যুনালের প্রসিকিউটররা বলেন, বিএনপি নেতা কালক্ষেপণের জন্য এসব আবেদন করছেন। প্রসিকিউটরদের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে সালাউদ্দিন কাদের বলেন, এটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দ্রুততম বিচার হবে। এ সময় ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি বলেন, “আমরা এটা দ্রুত বা ধীরে শেষ করতে চাই না। আমরা শুধু স্বাভাবিক গতিতে এর অগ্রগতি চাই।” বিচারকের এ বক্তব্যের পর বিএনপি নেতা বলেন, “আমি যথেষ্ট দ্রুততার সঙ্গে এ আবেদনগুলো শেষ করবো এবং আপনারা আপনাদের আদালতে (চেম্বার) আমাকে মৃত্যুদণ্ড দেওয়ার সুযোগ পাবেন, যেভাবে আপনারা আমার বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন।” আপনার আইনজীবীরা কোথায় ট্রাইব্যুনাল প্রধানের এ বক্তব্যের জবাবে সালাহউদ্দিন কাদের বলেন, “আপনাদের ভয়ে তারা পালিয়েছে।” এর আগে গত ২৪ নভেম্বরও একই অভিযোগ করেছিলেন তিনি। সেদিন তিনি বলেছিলেন, তার আইনজীবীদের ট্রাইব্যুনালে ঢুকতে দেওয়া হয়নি। এরপর তার কাছে আইনজীবীদের নামের তালিকা চাওয়া হয়। পরে তারাও না থাকায় সালাউদ্দিনকে প্রশ্ন করলে তিনি বলেন, তারা ভয়ে পালিয়েছে। আদালত কক্ষের পেছন দিকে অনেক আইনজীবী থাকলেও আসামিপক্ষের আইনজীবীদের জন্য সংরক্ষিত বেঞ্চগুলো ছিলো ফাঁকা। সালাউদ্দিন কাদেরকে বলা হয়, আইনজীবী না থাকায় আপনি আবেদন করতে পারবেন না। “আইনজীবী নেওয়ার ক্ষেত্রে আমি বাধা পেয়েছি। আমি নিজেই আমার বক্তব্য তুলে ধরবো,” বলেন যুদ্ধাপরাধের অভিযোগের মুখে থাকা এই সংসদ সদস্য। গত ১১ মাসে তার বিরুদ্ধে দেওয়া আদেশের কোনো অনুলিপি হাতে পাননি জানিয়ে তাকে তা দেওয়ার জন্য এর আগে ট্রাইব্যুনালের কাছে আবেদন করেন সালাউদ্দিন। আদেশের অনুলিপির জন্য আবেদন করতে হয় উল্লেখ করে ট্রাইব্যুনাল প্রধান বলেন, “আপনি এখানে বেশি না আসায় আপনি তার নিয়ম-কানুন জানেন না।” এ সময় সাকা বলেন, “আমি তো আসতে চাই। আপনিই আমাকে আসতে বলেননি, মহোদয়।” “আপনাকে মাঝে মাঝে না দেখতে পারলে আমার বুকের মধ্যে ধড়ফড় করে।” এ সময় নিজের পক্ষে করা একটি আবেদনের অনুলিপি পড়ে উত্তেজিত হয়ে পড়েন সাকা। “তারা এখানে কী লিখেছে!”, চিৎকার করে বলেন তিনি। “আপনি এর ভাষা দেখেছেন, স্যার? আপনি আমাকে আইনজীবী নিয়োগের কথা বলছেন। আপনি কি দেখেছেন তারা কী লিখেছে? আপনিই বিচার করুন,” প্রধান বিচারপতির উদ্দেশে বলেন তিনি। ট্রাইব্যুনালের প্রসিকিউশন গত ৪ অক্টোবর সাকা চৌধুরীর বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা দেয়। ৫৫ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগের সঙ্গে এক হাজার ২৭৫ পৃষ্ঠার আনুষঙ্গিক নথিপত্র এবং ১৮টি সিডি ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়। এরপর ১৪ নভেম্বর তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ উত্থাপনের আবেদন করা হয়। ২০১০ সালের ২৬ জুলাই সালাউদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। তাকে গ্রেপ্তারের জন্য গত ১৫ ডিসেম্বর ট্রাইব্যুনালে আবেদন করে তদন্ত সংস্থা। এর ২৪ ঘণ্টার মধ্যে গাড়ি পুড়িয়ে যাত্রী হত্যার মামলায় এ সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয়। ১৯ ডিসেম্বর যুদ্ধাপরাধের অভিযোগেও তাকে গ্রেপ্তার দেখানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএইচ/এমআই/২২০২ ঘ.