২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিএমএইচে চিকিৎসা পেতে অগ্রাধিকার চান সাংসদরা

সংসদ সদস্যদের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসার অগ্রাধিকার (প্রায়োরিটি) তালিকায় অন্তর্ভুক্তির সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2011, 03:40 PM

Updated : 24 Aug 2022, 04:58 PM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ সদস্যদের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসার অগ্রাধিকার (প্রায়োরিটি) তালিকায় অন্তর্ভুক্তির সুপারিশ করেছে সংসদীয় কমিটি। রোববার প্রতিরক্ষা মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি এম ইদ্রিস আলীর সভাপতিত্বে বৈঠকে অন্যদের মধ্যে সদস্য মো. মুজিবুল হক, নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, মোহাম্মদ রফিকুল ইসলাম ও প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে এম.এ. মান্নান অংশ নেন। সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসার জন্য অগ্রাধিকার তালিকায় জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার ও সংসদ সদস্যদের নাম না থাকায় এসব ব্যক্তির নাম অন্তর্ভুক্তির সুপারিশ করা হয়েছে। এ ছাড়া সিএমএইচে কর্মরত সাধারণ কর্মচারী পরিবারের সদস্যদের চিকিৎসা সেবা প্রদানেরও সুপারিশ এসেছে। কমিটি চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য এয়ার ফোর্স ও নেভাল ফোর্স হাসপাতালের বেড সংখ্যা বৃদ্ধি এবং হাসপাতালের শূন্য পদে দ্রুত নিয়োগ দেওয়ার সুপারিশ করেছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব খোন্দকার মো. আসাদুজ্জামান, নৌ ও বিমান বাহিনীর প্রধান, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং জাতীয় সংসদের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/২১৩৭ ঘ.