২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধ বিচার ধীরে এগোচ্ছে: মহিউদ্দিন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচার ধীর গতিতে এগুচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2011, 03:24 PM

Updated : 24 Aug 2022, 04:58 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচার ধীর গতিতে এগুচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। রোববার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর থিয়েটার ইনস্টিটিউট অব চিটাগাং (টিআইসি) মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। একুশের প্রথম কবিতার কবি মাহবুবুল আলমের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় সাবেক সিটি মেয়র মহিউদ্দিন বলেন, “যুদ্ধাপরাধের বিচার ধীরে এগোচ্ছে। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে দুর্বল লোক থাকার কারণেই এ ধীর গতি।” স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক কবি বেলাল মোহাম্মদ বলেন, “যুদ্ধাপরাধীদের বিচার কেন শেষ হচ্ছে না বুঝতে পারছি না।” “যুদ্ধাপরাধের বিচার শেষ করতে এতো প্রমাণ লাগে কেন, সেসময়ের পত্রপত্রিকায় অনেক তথ্য প্রমাণ আছে।”- যোগ করেন তিনি। একুশের প্রথম কবিতা ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি’র রচয়িতা কবি মাহবুবুল আলম চৌধুরীর ৮৫তম জন্মবার্ষিকী উদযাপন কমিটি এ আলোচনা সভা আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে কবির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর চট্টগ্রামের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ্য দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/এএইচ/২১১৯ ঘ.