ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বব্যাপী পুঁজিবাদী ‘আগ্রাসনের’ প্রতিবাদে ঢাকায় তৃতীয় আন্তর্জাতিক সাম্রাজ্যবাদবিরোধী সম্মেলন শুরু হয়েছে রোববার।
দেশে বিদ্যমান রাজনৈতিক জটিলতা এবং আগামী ৩০ নভেম্বর সংবিধান প্রণয়ন কমিটির জরুরি সভা থাকায় অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি নেপালের সাবেক প্রধানমন্ত্রী এবং ইউনাইটেড কমিউনিস্ট পার্টি অব নেপালের (মাওবাদি) পুষ্প কমল দাহাল প্রচন্ড। তবে তিনি সম্মেলনে লিখিত বক্তব্য পাঠান।
ইন্টারন্যাশনাল অ্যান্টি-ইম্পিরিয়ালিস্ট অ্যান্ড পিপলস সলিডারিটি কো-অর্ডিনেটিং কমিটি (আইএপিসিসি) এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) যৌথ উদ্যোগে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে বেলা ১২টায় সম্মেলন শুরু হয়।
আগামী ২৯ নভেম্বর বিকেলে নাট্যমঞ্চের কাজী বশির মিলনায়তনে ‘ঢাকা ঘোষণা’ গ্রহণের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি হবে।
২০০৭ সালে কলকাতায় প্রথম এবং ২০০৯ সালে লেবানন এর রাজধানী বৈরুতে ২য় সম্মেলন হয়েছিল।
সম্মেলন উদ্বোধন করেন বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং আইএপিসিসি’র সেক্রেটারিয়েট মেম্বার খালেকুজ্জামান। উদ্বোধন শেষে একটি মিছিল গুলিস্তান, পল্টন, জিরো পয়েন্ট, দৈনিক বাংলার মোড় ও দিলকুশা হয়ে নাট্যমঞ্চে গিয়ে শেষ হয়।
বিকাল ৪টায় শুরু হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। এ পর্বে প্রথমে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে চারণ সাংস্কৃতিক কেন্দ্র।
অনুষ্ঠানে সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অব ইন্ডিয়ার (এসইউসিআই) পলিটব্যুরো সদস্য এবং আইএপিসিসি’র সদস্য সচিব মানিক মুখার্জি, যুক্তরাষ্ট্রের ওয়ার্কার্স ওয়ার্ল্ড পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য এবং আইএপিসিসি’র সেক্রেটারিয়েট সদস্য সারা ফ্লাউন্ডার্স, পাকিস্তান কমিউনিস্ট পার্টির সদস্য মোহাম্মদ ইকবাল, ভেনেজুয়েলার শ্রমিক নেত্রী মারিয়া মাসপেরো ফার্নান্ডেজ, প্যালেস্টাইনের আলদামীর এসোসিয়েশন ফর হিউম্যান রাইটসের সংগঠক খলিল এম জে আবু সামালা, কোরিয়ান কমিটি অব আফ্রো এশিয়ান সলিডরিটির স্ট্যান্ডিং কমিটির সদস্য ক্যাঙ মুন রিওলসহ ২৫টি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ভাষা সৈনিক আব্দুল মতিন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মঞ্জুরুল আহসান খান, বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকী প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/পিডি/২২৪৬ ঘ.
bdnews24