ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি হার এড়ানোর জন্যই কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন বর্জনের হুমকি দিচ্ছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবিএম তাজুল ইসলাম।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, “এটা তাদের রাজনৈতিক কৌশল। নির্বাচনে পরাজয় এড়ানোর জন্য তারা একের পর এক নির্বাচন বর্জন করে চলেছে।”
সেনাবাহিনী মোতায়েন না করায় গত ৩০ অক্টোবর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের মাত্র ৭ ঘণ্টা আগে বর্জনের ঘোষণা দেয় বিএনপি সমর্থিত প্রার্থী।
আর কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার এবং সেনা মোতায়েন না করার সিদ্ধান্ত হওয়ায় এ নির্বাচনও বর্জনের ঘোষণা দিয়েছে স্থানীয় বিএনপি। অবশ্য বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
নির্বাচনকে গণতন্ত্রের অন্যতম বাহন হিসেবে উল্লেখ করে তাজুল বলেন, “দলীয় সরকারের অধীনেও স্বচ্ছ এবং সুষ্ঠু নির্বাচন হতে পারে। নারায়ণগঞ্জ তার উদাহরণ। নির্বাচন কমিশনও একই কথা বলেছে।”
চার দলীয় জোটকে দুর্নীতির ‘সূতিকাগার’ আখ্যায়িত করে প্রতিমন্ত্রী বলেন, “আইন অনুযায়ী মন্ত্রীদের কোনো ব্যাবসা প্রতিষ্ঠানে যুক্ত থাকার অধিকার নেই। অথচ বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে খালেদা জিয়া জরিমানা দিয়ে কালো টাকা সাদা করেছেন।”
“তিনি কোনো ব্যাবসা প্রতিষ্ঠানে যুক্ত নন। তাহলে তিনি এতো টাকা পেলেন কোথায়?” প্রশ্ন করেন তাজুল।
যুদ্ধাপরাধের বিচারের পক্ষে জনমত গঠনের লক্ষে শিগগিরই দেশের প্রতিটি জেলায় জনসভা এবং অন্যান্য কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।
বর্তমান সরকারের মেয়াদকে যুদ্ধাপরাধের বিচারের ‘শেষ সুযোগ’ অভিহিত করে প্রতিমন্ত্রী বলেন, “খুব দ্রুত আমরা দলের পক্ষ থেকে প্রতিটি জেলায় জনসভা করব। প্রধানমন্ত্রী কথা দিয়েছেন, তিনি এসব জনসভায় উপস্থিত থাকবেন।”
এর আংশ হিসেবে শিগগিরই নারায়ণগঞ্জে জনসভা হবে বলে প্রতিমন্ত্রী জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/জেকে/১৭০৪ ঘ.
bdnews24