ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন দাবি করেছেন, দলীয় লোকজনের জন্য অর্থ আদায় করতে বিদ্যুতের পাইকারি দাম বাড়িয়েছে সরকার।
বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বলেন, “কিছুদিন আগে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছিল। এবার তারা বিদ্যুতের দাম বাড়াল। এভাবে জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বৃদ্ধি করে তারা জনগণের পকেট থেকে অর্থ নিচ্ছে। এভাবে সরকার দেশের অর্থনীতিকে চরম বিপর্যস্ত পথে নিয়ে যাচ্ছে।”
দলীয় লোকজনকে বিনা টেন্ডারে ভাড়াভিত্তিক বিদ্যুৎ প্রকল্প স্থাপনের সুযোগ দিয়ে সেগুলোর জন্যই সরকার জনগণের পকেট থেকে অর্থ আদায় করতে বিদ্যুতের দাম বাড়িয়েছে বলে মন্তব্য করেন বিএনপির এ নেতা।
বৃহস্পতিবার সন্ধ্যায় এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এদিন বিকেলেই বিদ্যুতের পাইকারি দাম দুই ধাপে ৩১ দশমিক ১৬ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত জানায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বর্ধিত দাম প্রথম দফায় ১ ডিসেম্বর এবং দ্বিতীয় দফায় আগামী বছরের ১ ফেব্র“য়ারি থেকে কার্যকর হবে।
এ নিয়ে চলতি বছর তৃতীয় দফায় পাইকারি বিদ্যুতের দাম বাড়ছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোশাররফ বলেন, “ব্যাংকে তারল্য সংকট সৃষ্টি হয়েছে। প্রতিদিন সরকার ১৩০ কোটি টাকা ঋণ নিয়ে দেশ চালাচ্ছে।”
ভাড়াভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে সরকার ১০ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে দাবি করে সাবেক জ্বালানি ও বিদ্যুৎমন্ত্রী মোশাররফ বলেন, “এই ভর্তুকির অর্থ সামাল দিতে সরকার এখন জনগণের পকেট থেকে অর্থ আদায় করতে বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে।”
তারেক রহমানের জন্মদিন উপলক্ষে রাজধানীর কাজী বশির উদ্দিন মিলনায়তনে এ আলোচনা সভা আয়োজন করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। গত ২০ নভেম্বর তারেক রহমানের জন্মদিন ছিলো।
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের সমালোচনা করেন খন্দকার মোশাররফ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৯১২ ঘ.
bdnews24