২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘এখন পত্র লেখেন কেন’

টিপাইমুখ প্রকল্পের উদ্যোগ বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের আমলে নেওয়া হয়েছিল উল্লেখ করে খালেদা জিয়ার উদ্দেশে এ প্রশ্ন করেছেন শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2011, 11:57 AM

Updated : 24 Aug 2022, 04:57 PM

ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিপাইমুখ বাঁধ নিয়ে মনমোহন সিংকে খালেদা জিয়ার চিঠি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, বিএনপির আমলেই এ প্রকল্পের উদ্যোগ নেওয়া হলেও তখন তারা নীরব ছিল। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা বৃহস্পতিবার বিরোধী দলীয় নেতার উদ্দেশে বলেন, “এখন পত্র লিখছেন। কিন্তু যখন ক্ষমতায় ছিলেন তখন টিপাইমুখের সমস্যা শুরু হয়, তখন প্রতিবাদ করেননি কেন?” রাজশাহী মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের এক জনসভায় এ কথা বলেন তিনি। জনসভায় হাসিনার দেওয়া বক্তব্য বাংলাদেশ টেলিভিশন সরাসরি স¤প্রচার করে। “বর্তমান সরকারই টিপাইমুখ সমস্যার সমাধান করবে।” উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে বাংলাদেশের কোনো ক্ষতি হতে দেওয়া হবে না।” বরাক নদীর ওপর টিপাইমুখে বাঁধ নির্মাণের আগে যৌথ জরিপের দাবি জানিয়ে সোমবার ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে খালেদা জিয়া চিঠি পাঠিয়েছেন বলে বুধবার জানান দলটির ভারপ্রাপ্ত মহাসচিব। টিপাইমুখে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য গত ২২ অক্টোবর কয়েকটি রাষ্ট্রায়ত্ত্ব সংস্থার সঙ্গে বিনিয়োগ চুক্তি করে মণিপুর রাজ্য সরকার। তবে বিষয়টি গণমাধ্যমে আসে গত ১৯ নভেম্বর। চুক্তির খবর প্রকাশের পর বাংলাদেশে এ নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। এর আগে ভারত টিপাইমুখে বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়ার পর ২০০৮-২০০৯ সালে বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া হয়। বিশেষজ্ঞরা বলছেন, টিপাইমুখে বাঁধ হলে বাংলাদেশে এর বিরূপ প্রভাব পড়বে। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বাঁধ নির্মাণ করে ১৫০০ মেগাওয়াটের টিপাইমুখ জলবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের জন্য বরাক নদীর পানি প্রত্যাহার করা হবে না। ফলে এতে বাংলাদেশের ওপর কোনো বিরূপ প্রভাবও পড়বে না। নয়া দিল্লির বক্তব্যের পর মঙ্গলবারই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, অভিন্ন নদীর ওপর কিছু করতে হলে তা আগেই ভাটির দেশ হিসেবে বাংলাদেশের জানার অধিকার রয়েছে। নয়া দিল্লির এ ধরনের পদক্ষেপে ভুল বোঝাবুঝির অবকাশ থেকে যায়। এর আগে গত বছরের জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় দুই প্রধানমন্ত্রীর যৌথ সংবাদ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রতিশ্র“তি দিয়েছিলেন, বাংলাদেশের ক্ষতি হয় এমন কোনো পদক্ষেপ টিপাইমুখে নেওয়া হবে না। যুদ্ধাপরাধ খালেদা জিয়া একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জড়িতদের রক্ষায় নেমেছেন অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, “আপনি যুদ্ধাপরাধীদের বাঁচাতে চান, তাদের রক্ষা করতে চান কিসের আশায়?” “এই যুদ্ধাপরাধীরাই বাংলা ভাইয়ের জন্ম দিয়ে দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো” মন্তব্য করে তিনি বলেন, “বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার হবেই।” যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতে ইসলামী ও বিএনপির সাত শীর্ষ নেতা আটক রয়েছেন। এদের মধ্যে জামায়াতের নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর অপরাধের বিচার চলছে। আটক ওই নেতাদের মুক্তি দাবি করে খালেদা স¤প্রতি বলেছেন, তারা যুদ্ধাপরাধী নন। তারেকের দুর্নীতি যুক্তরাষ্ট্রের সরকারি গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) এক কর্মকর্তা তারেক রহমানের অর্থ পাচার মামলায় স¤প্রতি যে সাক্ষ্য দেন সে বিষয়টি জনসভায় উল্লেখ করেন শেখ হাসিনা। এরপর তিনি বলেন, “তাদের দুর্নীতির কারণে বিদেশের মাটিতেও এখন মাথা হেঁট হয়ে যাচ্ছে।” বিএনপি অবশ্য দাবি করেছে, তারেকের অর্থ পাচার নিয়ে দেশে সাক্ষ্য না পাওয়ায় এফবিআই কর্মকর্তার সাক্ষ্য নেওয়া হয়েছে। দেশের প্রতিটি বিভাগে একটি করে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে বলে জনসভায় বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দেশে তথ্য-প্রযুক্তির উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন তিনি। ‘সড়ক উন্নত হবে’ দেশের সব সড়কের অবস্থা উন্নত হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “রাস্তা-ঘাটের উন্নয়নে ১৪০০ কোটি টাকার প্রকল্প নেওয়া হচ্ছে। এতে সব সড়কের অবস্থা অনেক ভালো হবে।” মহাজোট সরকার ক্ষমতায় আসার পর রাজশাহীতে এটি শেখ হাসিনার প্রথম সফর। এর আগে ২০০৫ সালের ২২ ডিসেম্বর বিরোধীদলীয় নেতা হিসেবে রাজশাহী যান তিনি। জনসভার আগে প্রধানমন্ত্রী রাজশাহী সেনানিবাসে বীর-এর বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০১১, পুনর্মিলনী, জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠান এবং প্রথম বীর পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেন এবং কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। রাজশাহী সেনানিবাস থেকে তিনি যান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। সেখানে শহীদ ড. শামসুজ্জোহার মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে শেখ ফজিলাতুন্নেছা ছাত্রী হলের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বক্তব্য দেন। এরপর প্রধানমন্ত্রী কাটাখালীতে নর্দার্ন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের তৈরি কাটাখালী ৫০ মেগাওয়াট ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন ও কাটাখালী ৫০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্টের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন। রাজশাহী মহানগর ও জেলা কমিটি যৌথভাবে এই জনসভা আয়োজন করে। মহানগর কমিটির সভাপতি অধ্যাপক বজলুর রহমানের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, স্থানীয় এমপি ও ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ফজলে হোসেন বাদশা, মৎস্য ও প্রাণীসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস, ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এসইউএম/পিডি/০০১৯ ঘ.