ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার না করার দাবি জানিয়ে বিএনপির দেওয়া চিঠির আনুষ্ঠানিক জবাব দিবে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার কমিশনের বৈঠক শেষে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন এ কথা জানান।
তিনি বলেন, “বিএনপি আনুষ্ঠানিক চিঠি দিয়েছে। আমরাও আনুষ্ঠানিক চিঠি দিয়ে ইভিএমের পক্ষে অবস্থান তুলে ধরবো। এটি একটি নির্ভুল পদ্ধতি। এখানে কারচুপির কোনো সুযোগ নেই।”
এর আগে মঙ্গলবার দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা ওই চিঠি ইসি সচিবালয়ে দেয় বিএনপির একটি প্রতিনিধি দল। চিঠিতে ইভিএম না ব্যবহার এবং সেনা মোতায়েনের দাবি জানানো হয়।
নির্বাচন বর্জন করলে এর দায়ভার ইসিকে বহন করতে হবে বলেও হুুঁশিয়ার করে দলটি।
ছহুল হোসাইন বলেন, “সেনা মোতায়েনের সিদ্ধান্ত সম্পূর্ণ কমিশনের। কমিশন বিরাজমান পরিস্থিতিতে সেনা মোতায়েনের কোনো প্রয়োজন করছে না। এখানে অন্যান্য বাহিনীগুলো কাজ করবে।”
তবে নির্দলীয় নির্বাচনে দলগতভাবে বর্জনের কোনো বিষয় নেই বলে মন্তব্য করেন তিনি।
“এটি নির্দলীয় নির্বাচন। এখনো দলীয়ভাবে নির্বাচন বর্জনের কোনো বিষয় আসার কথা নয়। তারা চিঠি দিয়েছে, আমরা জবাব দিচ্ছি।”
এরই মধ্যে মঙ্গলবার আগামী ৫ জানুয়ারি কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ভোটের তারিখ রেখে তফসিল ঘোষণা করা হয়েছে। এ নির্বাচনে প্রথমবারের মতো সব কেন্দ্রে ইভিএমে ভোট নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/১৪২০ ঘ.
bdnews24