ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে জিয়াউর রহমানের ছবি তুলে বঙ্গবন্ধুকে অসম্মান করা হয়েছে।
তার দাবি, বঙ্গবন্ধুর অবদানকে অবমূল্যায়ন করতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান নেতৃত্ব এ পদক্ষেপ নিয়েছে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাহবুবে আলম সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, বঙ্গবন্ধু না হলে আমরা বাংলাদেশ পেতাম না। তার প্রতি দায়বদ্ধতা বিবেচনা করে বাংলাদেশের সংবিধানে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শনের বিধান রাখা হয়েছে।
“তাই ওই ছবির পাশে অন্য কারো ছবি রাখা হলে সেটা নিশ্চয়ই তার প্রতি অশ্রদ্ধা। কারণ এর মাধ্যমে ওই ছবিকে অবমূল্যায়ন করা হয়,” বলেন তিনি।
বিএনপি সমর্থিত আইনজীবী নেতৃত্বাধীন সুপ্রিম কোর্ট বার গত ১৭ নভেম্বর এক সভায় সভাপতি ও সম্পাদকের কক্ষে বঙ্গবন্ধুর পাশাপাশি মওলানা ভাসানী, এস এ জি ওসমানী ও জিয়াউর রহমানের ছবি টানানোর সিদ্ধান্ত নেয়।
এ সিদ্ধান্তের প্রতিবাদে রোববার সকালে সভাপতির কক্ষের বাইরে বিক্ষোভ সমাবেশ করে সরকার সমর্থক আইনজীবীরা।
অ্যাটর্নি জেনারেলের সংবাদ সম্মেলনের আগে এক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি খোন্দকার মাহবুব হোসেন বলেন, জিয়ার ছবি টানানোয় বঙ্গবন্ধুর মর্যাদাহানি হবে না।
অ্যাটর্নি জেনারেল বলেন, “বারের সভাপতি-সম্পাদক বঙ্গবন্ধুর ছবির পাশে অন্য কারো ছবি টানানোর সিদ্ধান্ত নিতে যে সভা ডেকেছিলেন, সেই সভার আলোচ্যসূচি ছিলো উদ্দেশ্যমূলক। সমগ্র জাতির মনে আঘাত দেওয়ার জন্য এটা করা হয়েছে। এটা অবশ্যই সৎ উদ্দেশ্যপ্রণোদিত নয়।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৭৩১ ঘ.
bdnews24