ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকের কক্ষে জিয়াউর রহমানের ছবি টাঙানো হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মর্যাদাহানি হবে না বলেই মনে করেন সমিতিরি সভাপতি খন্দকার মাহবুব হোসেন।
সোমবার নিজের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মাহবুব বলেন, “আমাদের আমলের আগেই সভাপতি ও সম্পাদকের কক্ষে বঙ্গবন্ধুর ছবি টাঙানো হয়। পরে আমরা সম্মান করে সেটা নামাইনি।”
স্বাধীনতা যুদ্ধে অবদানের স্বীকৃতি হিসেবে সমিতির পক্ষ থেকে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, জেনারেল এম এ জি ওসমানি এবং জিয়াউর রহমানের ছবি টাঙানোর সিদ্ধান্তের কথা উল্লেখ করে তিনি বলেন, “আমরা আমাদের সব জাতীয় নেতাকেই সম্মান করি। জিয়ার ছবি টানানোর মাধ্যমে বঙ্গবন্ধুর মর্যাদাহানি হবে না।”
সংবিধান সংশোধন করে সরকারি কার্যালয়ে বঙ্গবন্ধুর ছবি টাঙানোর বিধান করা হলেও আইনজীবী সমিতি সংবিধিবদ্ধ কোনো প্রতিষ্ঠান না হওয়ায় এ নিয়ম প্রযোজ্য হবে না বলেও দাবি করেন সভাপতি।
গত ১৭ নভেম্বর সমিতির এক সভায় সভাপতি ও সম্পাদকের কক্ষে ভাসানী, ওসমানি ও জিয়ার ছবি টানানোর এই সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে রোববার সকালে সভাপতির কক্ষের বাইরে বিক্ষোভ সমাবেশ করে সরকার সমর্থক আইনজীবীরা।
সোমবার বিকালে এ বিষয়ে তাদের প্রতিবাদ সভা করারও কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৫৪৫ ঘ.
bdnews24