ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বাঁচাতে খালেদা জিয়া উঠেপড়ে লেগেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার তিনি বলেন, "বিরোধী দলের নেতা [খালেদা জিয়া] এবার রাখঢাক করে নয়, একেবারে খোলামেলাভাবে যুদ্ধাপরাধীদের বাঁচাতে চান। যুদ্ধাপরাধীদের পক্ষে তিনি মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছেন।"
গত মাসে সিলেট ও চাঁপাইনববাগঞ্জমুখী দুটি সমাবেশ এবং সেসময় রোড মার্চে কয়েকটি সমাবেশে বক্তব্যে খালেদা যুদ্ধাপরাধের অভিযোগে আটক জামায়াত ও বিএনপি নেতাদের মুক্তি দাবি করেন। যুদ্ধাপরাধ বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে দলীয় বলেও অভিহিত করেন তিনি।
সংসদ অধিবেশনে খালেদার ওই বক্তব্যের সমালোচনা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন ক্ষমতাসীন জোটের সাংসদরা।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রোববার জাতীয় পেশাজীবী মহাসমাবেশ ও কনভেনশন ২০১১-তে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য পেশাজীবীদের জনমত সৃষ্টির আহ্বান জানান শেখ হাসিনা।
তিনি বলেন, "মিথ্যাচার আর বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। দুর্নীতির বিরুদ্ধে অগ্রযাত্রার পক্ষে অবস্থান নিতে হবে।"
শীর্ষ যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "অচিরেই সাক্ষ্যগ্রহণের মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।"
যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার জামায়াতে ইসলামী ও বিএনপির সাত শীর্ষ নেতার মধ্যে জামায়াতের নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। এছাড়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ উত্থাপন করেছে প্রসিকিউশন টিম।
জামায়াতের অন্য যেসব নেতা আটক রয়েছেন তারা হলেন- দলের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্ল¬¬া।
জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীম একই অভিযোগে আটক হলেও তিনি শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন।
'ভোট ও ভাত নিশ্চিত'
তার সরকারের কাছে জনগণের আমানত- ভোট ও ভাতের অধিকার নিশ্চিত রয়েছে এবং নিশ্চিত থাকবে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, "ফলে জনগণ যাকে খুশি তাকে নিশ্চিন্তে ভোট দিতে পারবে।"
তিনি বলেন, "একসময় ১০টা হোন্ডা আর ২০টা গুণ্ডা, নির্বাচন ঠাণ্ডা- এই ছিলো অবস্থা। আমরা এই অবস্থা বদলে দিয়ে জনগণের মাঝে আস্থা ফিরিয়ে এনেছি।"
বিএনপি নেতৃত্বাধীন বিগত চারদলীয় জোট সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, "ওই আমলের উন্নয়ন বলতে ছিলো দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ লালন, ও অর্থ পাচার। এখন বাংলাদেশ সে অবস্থায় নেই।"
বিরোধীদলীয় নেতার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, "সাবেক প্রধানমন্ত্রীর ছেলেদের অর্থ পাচার মামলার সাক্ষ্য দিতে বিদেশ থেকে লোক আসে। এটা দেশের জন্য কলঙ্কজনক।"
খালেদা জিয়ার ছেলে তারেক রহমানে বিরুদ্ধে অর্থ পাচার মামলায় গত সপ্তাহে ঢাকায় সাক্ষ্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের সরকারি গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) এক কর্মকর্তা। তিনি তারেকের অর্থ পাচার ও ব্যয়ের তথ্য দেন আদালতে।
যুদ্ধাপরাধীদের বিচার পেশাজীবীদের অধিকার ও রূপকল্প-২০১১ বাস্তবায়ন স্লোগান নিয়ে রোববার এই মহাসমাবেশ ও কনভেনশন হয়। এতে সভাপতিত্ব করেন পেশাজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক বিচারপতি এ এফ এম মেজবাহউদ্দীন।
অনুষ্ঠানে বক্তব্য দেন মহাসমাবেশ ও কনভেনশন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও সমন্বয় পরিষদের সদস্য সচিব অধ্যাপক কামরুল হাসান খান।
শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আব্দুল বাসেত মজুমদার, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপচার্য অধ্যাপক এস এম নজরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি অধ্যাপক মাহমুদ হাসান, বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি আবুল বারকাত, কৃষিবিদ ইন্সটিটিউশনের মহাসচিব আ ফ ম বাহাউদ্দিন নাসিম, জাতীয় শিক্ষক ও কর্মচারী ফ্রন্টের চেয়ারম্যান অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৮২৮ ঘ.
bdnews24