২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেকের জন্মদিনে শোভাযাত্রা

তারেক রহমানের জন্মদিনে ঢাকাসহ সারাদেশে শোভাযাত্রা করেছে বিএনপি এবং এর সহযোগী সংগঠনগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2011, 12:15 PM

Updated : 24 Aug 2022, 04:48 PM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তারেক রহমানের জন্মদিনে ঢাকাসহ সারাদেশে শোভাযাত্রা করেছে বিএনপি এবং এর সহযোগী সংগঠনগুলো। রোববার বিকালে যুবদল নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিশাল শোভাযাত্রা বের করে। এছাড়া ধানমন্ডি থেকেও ওয়ার্ড বিএনপির উদ্যোগে আরেকটি শোভাযাত্রা বের হয় সকালে। দুটি শোভাযাত্রায় ঢাকার ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িসহ নানা রঙের ব্যানার ফেস্টুন, প্ল্যাকার্ড ও পতাকা ছিলো। শোভাযাত্রায় নেতা-কর্মীদের মুখে স্লোগান ছিলো- 'শুভ শুভ শুভ দিন, তারেক ভাইয়ের জন্মদিন'। বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেকর জন্মদিন উপলক্ষে শনিবার মধ্য রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে কেক কাটেন তার মা খালেদা জিয়া। ডজনের বেশি মামলার আসামি তারেক বর্তমানে যুক্তরাজ্যে রয়েছেন। নয়া পল্টনে যুবদলের শোভাযাত্রার উদ্বোধন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, "তারেক রহমান জাতীয়তাবাদী চেতনার শক্তি। ওয়ান-ইলেবেনের পর নির্যাতন করে তাকে পঙ্গু করা হয়েছে। আর বর্তমান সরকার তার ও জিয়া পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। "তবে এতে কোনো লাভ হবে না। আন্দোলন জোরদার করতে হবে। তার ওপর নির্ভর করছে তারেক রহমানের প্রত্যাবর্তন।" যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা মির্জা আব্বাস, বরকতউল্লাহ বুলু, আবদুস সালাম, যুবদল সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব প্রমুখ। সকালে ধানমন্ডির আবাহনী মাঠের কাছ থেকে মহানগর বিএনপির ধানমণ্ডি শাখার উদ্যোগে শোভাযাত্রা উদ্বোধন করেন দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। তিনি বলেন, "অপপ্রচার করে তারেক রহমানের জনপ্রিয়তা সরকার রুখতে পারবে না। তিনি ভবিষ্যৎ নেতা। আগামীতে তার নেতৃত্বে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে।" সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ- ড্যাবের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্য সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। দিনব্যাপী এই কর্মসূচি উদ্বোধন করেন মির্জা আব্বাস। তিনি বলেন, "তারেক রহমান আওয়ামী লীগের জন্য ভয়ের কারণ। তার জনপ্রিয়তাই এই ভয় দলটির। তিনি যখন সুস্থ হয়ে দেশে ফিরবেন, কেউ তাকে বাধা দিতে পারবে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৮১৩ ঘ.