২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লোকমান হত্যা: গ্রেপ্তার আরো ৪ জন রিমান্ডে

নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার আরো চার জনকে ১০ দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2011, 12:02 PM

Updated : 24 Aug 2022, 04:48 PM

ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার আরো চার জনকে ১০ দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ। এরা হলেন- মাহফুজ হোসেন সবুজ (২৫), শাহীন (২৪), ফারুক হোসেন (৪০) ও নাসির (২৪)। নরসিংদী মুখ্য বিচারিক হাকিম নিতাই চন্দ্র দাস এ হেফাজত (রিমান্ড) মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা নরসিংদী সদর গোয়েন্দা পুলিশের ওসি মামুনুর রশিদ মোল্লা তাদের ১০ দিন হেফাজত চেয়ে পুরো সময়ই পেয়েছেন। পুলিশ জানায়, এর আগে গ্রেপ্তার টিপনের দেওয়া তথ্যে মাধবদী উপজেলার মনোহরপুর থেকে শাহীন এবং ঢাকা থেকে মাহফুজকে গ্রেপ্তার করা হয়। শাহীন ও মাহফুজের দেওয়া তথ্যে শনিবার সকালে ঢাকার ওয়ারী থেকে ফারুক এবং মনোহরপুর থেকে নাসিরকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। নাসিরের কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করার তথ্য জানিয়ে তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতের আবেদন জানায় পুলিশ। অস্ত্রমামলায় নাসিরকে আরো চার দিন হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি রোববার দিয়েছে আদালত। গত ১ নভেম্বর রাতে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকায় হাসপাতালে মারা যান নরসিংদীর পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন। তার ভাই মো. কামরুজ্জামান এ ঘটনায় ১৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন, যাদের অধিকাংশই আওয়ামী লীগের নেতা-কর্মী। মামলার আসামিদের মধ্যে নরসিংদী শহর যুবলীগের সভাপতি আশরাফুল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও সেলিম ও মাসুদুর রহমান টিপন নামে দুই জনকে এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৫৯ ঘ.