২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেকের জন্মদিন উপলক্ষে বিএনপির ১১ দিনের কর্মসূচি

খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের ৪৭তম জন্মদিন উপলক্ষে ১১ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2011, 09:51 AM

Updated : 24 Aug 2022, 04:47 PM

ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের ৪৭তম জন্মদিন উপলক্ষে ১১ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে এবার ১১ দিনের কর্মসূচি নেওয়া হয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে- মিলাদ মাহফিল, কেক কাটা, আলোচনা সভা, ভিডিও প্রদর্শনী, শোভাযাত্রা, রক্তদান কর্মসূচি। এবারই প্রথম তারেক রহমানের জন্মদিন পালনে দলীয়ভাবে বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আব্দুল লতিফ জানান, শনিবার রাত ১২ টা ০১ মিনিটে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে কেক কাটার অনুষ্ঠান করবে বিএনপি ও অঙ্গসংগঠন। অনুষ্ঠানে দলের চেয়ারম্যান খালেদা জিয়াসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন। ১৯৬৩ সালের ২০ নভেম্বর তারেক রহমানের জন্ম হয়। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ৭ মার্চ তারেককে দুর্নীতি মামলায় গ্রেপ্তার করে পুলিশ। উচ্চ আদালত থেকে জামিন নিয়ে ওই বছর ১১ সেপ্টেম্বর তিনি চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান। চলতি বছর ৮ অগাস্ট অর্থ পাচার মামলায় তারেকের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর তাকে পলাতক দেখিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। জন্মদিন উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির মধ্যে রয়েছে ১৯ অক্টোবর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিটিউশন মিলনায়তনে দুপুর ২টায় আলোচনা সভা ও ২০ অক্টোবর সারাদেশে কেক কাটা ও দোয়া মাহফিল। এ ছাড়া ছাত্রদলের তিন দিনের কর্মসূচি শুরু হবে ১৯ নভেম্বর রাতে কেক কাটার মাধ্যমে। ২০ নভেম্বর সারাদেশে কেক কাটা, দোয়া মাহফিল, ২১ নভেম্বর শোভাযাত্রা এবং ২২ নভেম্বর ঢাকার অদূরে ধামরাইতে হাডিঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্র গণজমায়েত। ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) ২০ নভেম্বর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজন করেছে রক্তদান কর্মসূচি। যুবদলের কর্মসূচি ২০ নভেম্বর। ওইদিন বিকালে বিকালে রাজধানীর নয়া পল্টনের কার্যালয়ের সামনে থেকে বের হবে শোভাযাত্রা। স্বেচ্ছাসেবক দলের তিন দিনের কর্মসূচির মধ্যে রয়েছে, ১৯ নভেম্বর রাতে গুলশান কার্যালয়ে কেক কাটা, ২০ নভেম্বর রাতে গুলশান চেয়ারপারসনের কার্যালয়ের সামনে তারেক রহমানের ওপর ভিডিও প্রদর্শনী ও ২৪ নভেম্বর বিকালে মহানগর নাট্যমঞ্চে আলোচনা সভা। এর বাইরে তাঁতী দল, মহিলা দল, কৃষক দল, উলামা দল ও শ্রমিক দল পৃথক কর্মসূচি হাতে নিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/১৫৪১ ঘ.