ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৪৭তম জন্মদিন উপলক্ষে ধামরাইয়ে গণজমায়েতের আয়োজন করছে জাতীয়তাবাদী ছাত্রদল। আর সেখানে ছাত্র-ছাত্রীদের মধ্যে ল্যাপটপ বিতরণ করবেন তারেকের মা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
শুক্রবার সকালে নয়া পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম জানান, তারেক রহমানের জন্মদিন সামনে রেখে ২০ থেকে ২২ নভেম্বর তিনদিনের কর্মসূচি পালন করবে ছাত্রদল। এর শেষদিন ২২ নভেম্বর দুপুর ২টায় ধামরাইয়ের হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এই ছাত্র-গণজমায়েত হবে।
এছাড়া ২০ নভেম্বর সারাদেশে সংগঠনের কার্যালয়গুলোতে কেক কেটে তারেকের জন্মদিন উদযাপন করা হবে। ২১ নভেম্বর করা হবে শোভাযাত্রা। কর্মসূচির শেষ দিনে ধামরাইয়ের গণজমায়েতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
কর্মসূচি ঘোষণার পর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, "এই ছাত্র গণজমায়েতটি হবে ভিন্নধর্মী কর্মসূচি। এখানে তৃণমূল পর্যায়ে মেধাবী ও দরিদ্র ছাত্র-ছাত্রীদের মধ্যে বৃত্তি, ল্যাপটপ ও কম্পিউটার বিতরণ করবেন বিএনপি চেয়ারপার্সন। এছাড়া দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র, সেলাই মেশিন এবং পালনের জন্য হাঁস-মুরগী ও গরু-ছাগল বিতরণ করবেন তিনি।"
"তারেক রহমান তৃনমূল দেশে রাজনীতি করার সময় এভাবে গ্রামে গ্রামে গিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। তার জন্মদিনে আমরা তাকে সেভাবেই স্মরণ করবো", যোগ করেন এ্যানি।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ৭ মার্চ তারেককে দুর্নীতি মামলায় গ্রেপ্তার করে পুলিশ। উচ্চ আদালত থেকে জামিন নিয়ে ওই বছর ১১ সেপ্টেম্বর তিনি চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান। চলতি বছর ৮ অগাস্ট অর্থ পাচার মামলায় তারেকের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর তাকে পলাতক দেখিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।
এ্যানি বলেন, "সরকার তারেক রহমানে জনপ্রিয়তাকে ভয় পায় বলেই তার বিরুদ্ধে কুৎসা রটনা ও অপপ্রচার করে যাচ্ছে। তবে এতে কোনো লাভ হবে না। তারেক রহমানেই এদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক।"
ছাত্রদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, "ওয়ান ইলেভেনের পর তারেকের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। এখন তিনি চিকিৎসার জন্য লন্ডনে আছেন। তার অনুপস্থিতিতে তৃণমূল পর্যায়ে মানুষের কাছে তারেক রহমানের রাজনীতি তুলে ধরতে ধামরাইয়ে গণজমায়েত হচ্ছে।"
অন্যদের মধ্যে ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শহীদুল ইসলাম বাবুল, সহসভাপতি হায়দার আলী লেনিন, ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, জেলা উত্তর কমিটির সভাপতি কামাল আনোয়ার আহমেদ, কেন্দ্রীয় ছাত্রী বিষয়ক সহ সম্পাদক নিশিতা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৩৩২ ঘ.
bdnews24