ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগর ছাত্রদল (দক্ষিণ) সভাপতি হাবিবুর রশিদ হত্যাচেষ্টা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র গোলাম শাহরিয়ার মুক্তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।
পুলিশের আবেদনে বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম কেশব রায় চৌধুরী হেফাজতের এ আদেশ দেন। মুক্তার পক্ষে জামিন চাওয়া হলে তাও নাকচ করেন তিনি।
এ মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক আহসান হাবিব খান জিজ্ঞাসাবাদের জন্য মুক্তাকে সাত দিনের জন্য হেফাজতে চেয়ে গত নভেম্বর আবেদন করেন। তবে তিনি পাঁচ দিন কম সময় পেলেন।
গত ৫ এপ্রিল শান্তিনগরে ছাত্রদল নেতাকে হাবিবকে গুলি করা হয়। বাসাবো মাদারটেক এলাকায় আধিপত্যের বিস্তারকে কেন্দ্র করে হাবিবকে হত্যার চেষ্টা চালানো হয়েছিলো বলে তদন্তে বেরিয়ে এসেছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাবিব তার ওপর হামলাকারী হিসেবে মুক্তার নাম উল্লেখ করে।
এরপর হাবিবের ভগ্নিপতি অবসরপ্রাপ্ত মেজর আব্দুল হালিম খান বাদি হয়ে পল্টন থানায় মুক্তা এবং তার দুই ভাইকে আসামি করে মামলা করেন।
মুক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ছাত্র।
বাদিপক্ষের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ১৯ জুন আসামি মুক্তা এ মামলায় জামিন পেয়েছিলেন। এরপর হাবিবের বাসায় গিয়ে মামলা প্রত্যাহারের জন্য চাপ ও হুমকি দেন।
ওই ঘটনার পর হাবিব নিজেই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৮৫৩ ঘ.
bdnews24