ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতের রায়ে চাঁদপুর-১ (কচুয়া) আসনের সংসদ সদস্য হিসেবে টিকে গেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মহীউদ্দীন খান আলমগীর।
হাইকোর্টের একটি বেঞ্চ বৃহস্পতিবার বলেছে, চাঁদপুর-১ (কচুয়া) আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন প্রকাশিত গেজেট প্রকাশ আইনগত কর্তৃত্ববহির্ভূত।
ওই গেজেট প্রকাশের সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য নির্বাচন কমিশনের প্রতি নির্দেশও দিয়েছে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ।
আদালত বলেছে, "কোনো নির্বাচিত সংসদ সদস্যের পদ খারিজের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার একমাত্র এখতিয়ার সংসদের স্পিকারের। অন্য কারো এ এখতিয়ার নেই।"
রায়ের পর সাবেক সচিব আলমগীর সাংবাদিকদের বলেন, "হাইকোর্ট গণতন্ত্রের পক্ষে রায় দিয়েছে। এই রায়ে দেশবাসী খুশি হয়েছে। আমরাও খুশি।"
২০০৮ সালের নির্বাচনে বিএনপি নেতা আ ন ম এহছানুল মিলনকে হারিয়ে নির্বাচিত হন সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী আলমগীর। তিনি সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।
তবে আদালতের রায়ে সাজাপ্রাপ্ত মহীউদ্দীন আলমগীরের প্রার্থিতা বাতিল করে গত বছরের ২২ সেপ্টেম্বর ওই আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।
উচ্চ আদালতের অন্য একটি আদেশের বলেই ইসি ওই সিদ্ধান্ত নেয়। তবে এর মধ্যেই উচ্চ আদালত বাতিল করে আওয়ামী লীগের এ নেতার সাজার আদেশ।
মহীউদ্দীন আলমগীরের আবেদনে ২০১০ সালের ২৬ সেপ্টেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ ওই আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন প্রকাশিত গেজেট প্রকাশ কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল দেয়।
ওই রুলের শুনানি শেষেই বৃহস্পতিবার আদেশ হলো। শুনানিতে আলমগীরের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ এবং নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন ড. শাহদীন মালিক।
রোকনউদ্দিন সাংবাদিকদের বলেন, রায়ে বলা হয়েছে- কাউকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশের পর ওই আসন শূন্য ঘোষণার এখতিয়ার সংবিধান ও আইনে নির্বাচন কমিশনকে দেওয়া হয়নি।
এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে নির্বাচন কমিশন মহীউদ্দীনকে শুনানির সুযোগ দেয়নি জানিয়ে তিনি বলেন, "তাহলে উনি দেখাতে পারতেন যে, উনি এখন আর সাজাপ্রাপ্ত নন।"
"আপিল বিভাগের যে রায়ের কথা বলে তার সংসদ সদস্য পদ বাতিল করা হয়েছে, তার কোথাও সংসদ সদস্য পদকে বাতিল বলা হয়নি। সেখানে কেবল বলা হয়েছে, এ সংক্রান্ত হাইকোর্টের রিট আবেদনটি চলতে পারে না," বলেন তিনি।
রোকনউদ্দিন বলেন, "সংসদ সদস্য পদ নিয়ে কোনো বিতর্ক দেখা দিলে স্পিকার শুনানির জন্য তা নির্বাচন কমিশনে পাঠাবেন। নির্বাচন কমিশন শুনানি করে তা আবার স্পিকারের নিকট পাঠাবেন। এটা (গেজেট প্রকাশ) নির্বাচন কমিশনের বিষয় নয়।"
রায়ের প্রতিক্রিয়ায় নির্বাচন কমিশনের আইনজীবী শাহদীন মালিক বলেন, "এই রায়ের ফলে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্তদের নির্বাচনে অংশ গ্রহণের পথ প্রশস্ত হলো।
রায়ের বিরুদ্ধে আপিল করবেন কি না- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, সে সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেবে।
অবৈধ সম্পদ অর্জনের দুর্নীতি মামলায় ১৩ বছর সাজা হওয়ায় ২০০৮ সালের ৩ ডিসেম্বর আলমগীরের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এর বিরুদ্ধে ইসিতে তিনি আপিল করলে ৮ ডিসেম্বর তা খারিজ হয়ে যায়। এরপর হাইকোর্টে আলমগীর রিট আবেদন করলে ওই বছরের ১৫ ডিসেম্বর তা-ও খারিজ হয়।
তখনকার আইনি লড়াইয়ে মহীউদ্দীনের হারের পর ইসি আসন শূন্য ঘোষণার গেজেট প্রকাশ করে। তবে এর মধ্যেই তার সাজার আদেশ বাতিল হয়।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে ২০০৮ সালে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হয়েছিলেন মহীউদ্দীন আলমগীর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৯৩২ ঘ.
bdnews24