ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর দাবিতে আগামী ২৬ ও ২৭ নভেম্বর খুলনা অভিমুখে রোড মার্চ করবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। দুইদিনের এ কর্মসূচিতে তিনটি পথসভা এবং কুষ্টিয়া ও খুলনায় দুটি জনসভায় বক্তৃতা করবেন তিনি।
মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে খুলনা রোড মার্চের বিস্তারিত পরিকল্পনা জানান প্রস্তুতি কমিটির সমস্বয়কারী ও দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম।
তিনি বলেন, "২৬ নভেম্বর সকালে ঢাকা থেকে কুষ্টিয়া অভিমুখে রওনা হবেন খালেদা জিয়া। পথে পাবনার দাসুরিয়ায় পথসভা করবেন তিনি। বিকালে কুষ্টিয়া স্টেডিয়ামে জনসভা হবে। কুষ্টিয়া থেকে যশোর যাওয়ার পথে রাতে ঝিনাইদহে আরেকটি পথসভা করার কথা রয়েছে।"
যশোরে রাত কাটিয়ে পরদিন ২৭ নভেম্বর সকালে সেখানে একটি পথসভা করবেন বিরোধী দলীয় নেতা। এরপর রোড মার্চ আবার খুলনা অভিমুখে রওনা হবে। বিকালে খুলনা সার্কিট হাউজ মাঠে চার দলের জনসভায় বক্তব্য রাখবেন খালেদা জিয়া।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে এর আগে গত ১০ও ১১ অক্টোবর সিলেট এবং ১৮ ও ১৯ অক্টোবর চাঁপাই নবাবগঞ্জ অভিমুখে রোড মার্চ করে বিএনপি ও সমমনা দলগুলো।
চলতি বছর ৩০ জুন সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করার পর থেকেই বিরোধী দল আন্দোলন চালিয়ে আসছে।
সংবাদ সম্মেলনের আগে গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে খুলনা অঞ্চলের ১০টি জেলার নেতাদের নিয়ে সভা করে খুলনা রোড মার্চ প্রস্তুতি কমিটি। তরিকুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, "বর্তমান সরকারের ব্যর্থতার বিরুদ্ধে জনমত গড়ে তুলতে এই রোড মার্চ। সিলেট ও চাঁপাই নবাবগঞ্জ অভিমুখে রোড মার্চে যেভাবে গণজোয়ার সৃষ্টি হয়েছিলো, আমরা আশা করছি- খুলনা রোড মার্চেও তেমনই হবে।"
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা নুরুল ইসলাম দাদু , খুলনা জেলা সভাপতি অধ্যাপক মাজেদুল ইসলাম, শামসুজ্জামান দুদু, খন্দকার শহিদুল ইসলাম, সহসভাপতি সৈয়দা রাজিয়া ফয়েজ, ঝিনাইদহ সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান, খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক সৈয়দ মেহেদী আহমেদ রুমী, সহ আইন বিষয়ক সম্পাদক নিতাই রায় চৌধুরী, সহ দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম, মাগুরা সভাপতি কবির মুরাদ, কুষ্টিয়া সভাপতি সোহরাব উদ্দিন, সাতক্ষীরা সভাপতি হাবিবুল ইসলাম হাবিব, মেহেরপুর সভাপতি আমজাদ হোসেন, চুয়াডাঙ্গা সভাপতি হাজী মোজাম্মেল হক, নড়াইল সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, বাগেরহাট সভাপতি এম এ সালাম, যশোর সাধারণ সম্পাদক সৈয়দ সাবেবুল হক সাবু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুণ, টি এস আইয়ুব, অহিদুল ইসলাম বিশ্বাস, শহীদুল ইসলাম মাস্টার, শহিদুজ্জামান বেল্টু, আবদুল ওহাব, চমন আরা, কাজী সলিমুল হক, নেওয়াজ হালিমা আরলী, আজিজুল বারী হেলাল, আমিরুল ইসলাম খান শিমুল বৈঠকে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৫০৬ ঘ.
bdnews24