নরসিংদী, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারাগার থেকে বেরিয়ে আওয়ামী লীগ নেতা লোকমান হোসেনের কবর জিয়ারত করেছেন বিএনপি নেতা খায়রুল কবির খোকন। তিনি হত্যাকারীদের শাস্তিও দাবি করেছেন।
গত ১ নভেম্বর নরসিংদীর পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান মুখোশধারীদের গুলিতে নিহতন হন। এর পরপরই ঢাকায় গ্রেপ্তার করা হয় নরসিংদী জেলা বিএনপির সভাপতি খোকনকে।
লোকমান হত্যার প্রতিক্রিয়ায় নরসিংদীতে ব্যাপক বিক্ষোভ হয়। ঘটনার রাতেই ডাক বাংলোয় ভাংচুর হয়। পরদিন একটি ট্রেনে আগুন দেওয়া হয়। এ দুটি মামলায় খোকনকে আসামি করা হয়।
দুই মামলায় জামিন নিয়ে রোববার দুপুরের পর কারাগার থেকে বেরিয়ে আসেন খোকন। তিনি নেতা-কর্মী পরিবেষ্টিত হয়ে সাংবাদিকদের বলেন, "সত্যের জয় হয়েছে, জনতার বিজয় হয়েছে, গণতন্ত্রের বিজয় হয়েছে।"
লোকমান হত্যাকাণ্ডের ঘটনায় খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতেদ চেয়েছিলো। তবে লোকমানের ভাইয়ের করা মামলায় তাকে আসামি না করার পর আদালত খোকনকে অব্যাহতি দেয়।
নরসিংদীর সাবেক সংসদ সদস্য খোকন বলেন, "দুই বার স্বর্ণপদকপ্রাপ্ত মেয়র লোকমান হোসেন হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।"
কারামুক্তির পর নিজের বাড়িতে যান খোকন। সন্ধ্যা ৬টায় তিনি শহরের শালিধায় লোকমানের কবর জিয়ারত করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৩৬ ঘ.
bdnews24